বহিষ্কৃত জামায়াত নেতার নেতৃত্বে ৪৫ জন যোগ দিলেন বিএনপিতে

ভোলার চরফ্যাশন উপজেলার আহম্মদপুর ইউনিয়নের জামায়াতের বহিষ্কৃত সাবেক আমির ও দুলারহাট থানা শাখার বায়তুলমাল সম্পাদক (ক্যাশিয়ার) মাওলানা ওমর ফারুকের নেতৃত্বে ৪৫ জন বিএনপিতে যোগ দিয়েছেন। দাবি করা হচ্ছে, তারা সবাই পূর্বে জামায়াতে ইসলামের সঙ্গে যুক্ত ছিলেন।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিষয়টি জানাজানির পর স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা শুরু হয়।
তবে ভোলা জেলা জামায়াত জানিয়েছে, ওমর ফারুকসহ যোগদানকারীদের সঙ্গে জামায়াতে ইসলামের কোনো সম্পর্ক নেই।
আরও পড়ুন: পূবাইলে ইয়াবাসহ নারী গ্রেফতার
বিজ্ঞাপন
জানা গেছে, সোমবার গভীর রাতে চরফ্যাশন উপজেলা শহরে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দীন আলমের বাসভবনে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন তারা।

যোগদান অনুষ্ঠানে মাওলানা ওমর ফারুক বলেন, “দুলারহাট এলাকায় জামায়াতের কর্মকাণ্ডে আমরা সন্তুষ্ট ছিলাম না। বিএনপির রাজনৈতিক কার্যক্রম আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হওয়ায় আমি ও আমার সঙ্গে থাকা ৪৫ জন সাবেক জামায়াত কর্মী নাজিম উদ্দীন আলমের হাত ধরে বিএনপিতে যোগ দিয়েছি।”
আরও পড়ুন: এক রাতেই নিঃস্ব শতাধিক পরিবার
বিজ্ঞাপন
এসময় সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দীন আলম নবাগতদের স্বাগত জানিয়ে বলেন, “গণতন্ত্র রক্ষার লড়াইয়ে আপনাদের যোগদান বিএনপিকে আরও শক্তিশালী করবে। আগামী নির্বাচনে আপনাদের উপস্থিতি বিএনপির বিজয়ের পথ সুগম করবে।”
অন্যদিকে ভোলা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা হারুন অর রশিদ জানান, “ওমর ফারুককে ২০২৪ সালের ৫ জুলাই দলীয় অর্থ আত্মসাৎ ও শৃঙ্খলাভঙ্গের দায়ে বহিষ্কার করা হয়। সেই বহিষ্কারাদেশের প্রমাণ আমাদের কাছে রয়েছে। এরপর থেকে তার সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নেই। যেসব ব্যক্তিকে বিএনপিতে যোগ দেওয়া বলা হচ্ছে, তাদের আমরা চিনি না। তাই তাদের জামায়াত কর্মী হিসেবে পরিচয় দেওয়ায় আমরা আপত্তি জানাই।”








