ছেলেকে রক্ষা করতে গিয়ে প্রাণ হারালেন বাবা

নাটোর শহরে ছেলেকে রক্ষা করতে গিয়ে প্রাণ হারিয়েছেন এক বাবা। পারিবারিক দ্বন্দ্বের জেরে সংঘটিত এ হামলায় গুরুতর আহত হয়েছেন তার ছেলে, তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার দিবাগত রাতে শহরের কান্দিভিটা কদমতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত আবুল কালাম (৫০) কান্দিভিটা এলাকার বাসিন্দা এবং পেশায় রং মিস্ত্রি ছিলেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম। আহত ছেলে কাউসার মাহমুদ (২৫) আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক সপ্তাহ আগে কান্দিভিটা কদমতলা মসজিদের পাশে মোটরসাইকেল রাখা নিয়ে কাউসারের সঙ্গে প্রতিবেশী কয়েকজন যুবকের বাকবিতণ্ডা হয়। ওই ঘটনার জেরে সোমবার গভীর রাতে প্রতিপক্ষের লোকজন সংঘবদ্ধ হয়ে কাউসারের ওপর হামলা চালায়।
বিজ্ঞাপন
হামলার সময় ছেলেকে বাঁচাতে এগিয়ে যান আবুল কালাম। এ সময় হামলাকারীরা বাবা-ছেলেকে লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন দুজন।
পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পথে আবুল কালামের মৃত্যু হয়। অপরদিকে, গুরুতর আহত কাউসার সেখানে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।
বিজ্ঞাপন
ঘটনার পর অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে, ফলে তাদের বক্তব্য পাওয়া যায়নি। তবে পুলিশ জানিয়েছে, হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সদর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দোষীদের দ্রুত আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।








