Logo

পদ্মা সেতু পার হচ্ছেন নির্বিঘ্নে, তবে ঈদে বাড়তি ভাড়ার অভিযোগ

profile picture
জেলা প্রতিনিধি
মুন্সিগঞ্জ
১৭ মার্চ, ২০২৬, ১৪:২৮
পদ্মা সেতু পার হচ্ছেন নির্বিঘ্নে, তবে ঈদে বাড়তি ভাড়ার অভিযোগ
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরের আগে নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছেন মানুষ। এবারের ঈদযাত্রায় পদ্মা সেতু পার হওয়া যাত্রীদের বড় ধরনের ভোগান্তি হয়নি। মহাসড়ক-সেতু ব্যবস্থাপনা ও টোল আদায়ের স্বচ্ছতা থাকায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ নির্বিঘ্নে তাদের গন্তব্যে পৌঁছাচ্ছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ মার্চ) সকাল থেকেই ঢাকা-মাওয়া মহাসড়কে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। পদ্মা সেতুর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্ত দিয়ে যানবাহন প্রবাহ স্বাভাবিক থাকায় কোনো বড় যানজটের চিত্র দেখা যায়নি।

পদ্মা সেতুর টোল প্লাজায় বড় যানবাহনের জন্য সাতটি এবং মোটরসাইকেলের জন্য তিনটি আলাদা কাউন্টার চালু থাকায় দ্রুত সময়ের মধ্যে টোল আদায় সম্পন্ন হচ্ছে। ফলে টোল প্লাজায় দীর্ঘ সারি বা ধীরগতি ছাড়াই চালকেরা সেতু পার হচ্ছেন।

বিজ্ঞাপন

জরুরি পরিস্থিতি ছাড়াও যানবাহনের এই স্বাভাবিক চলাচল সাধারণ যাত্রীদের মধ্যে সন্তোষ তৈরি করেছে। তবে যাত্রীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে ভাড়ার অস্বাভাবিক বৃদ্ধি।

অনেকেই জানিয়েছেন, ঈদের সুযোগে বিভিন্ন পরিবহন মাধ্যম সাধারণ ভাড়ার তুলনায় অতিরিক্ত টাকা নিচ্ছে। মহাসড়ক এবং সেতুতে যানজট না থাকলেও এই অতিরিক্ত ভাড়া তাদের ঈদ আনন্দকে কিছুটা ম্লান করছে।

মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার জানান, ঢাকা-মাওয়া ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় রয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে জেলা পুলিশের প্রায় পাঁচশ সদস্য মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং যাত্রী হয়রানি রোধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

এই প্রস্তুতি ও টোল ব্যবস্থাপনার কারণে পদ্মা সেতু হয়ে এবারের ঈদযাত্রা ভোগান্তিমুক্ত হওয়ায় সাধারণ যাত্রীরা তা প্রশংসা করছেন। তবে ভাড়া বৃদ্ধি সংক্রান্ত অভিযোগ এ বছরও যাত্রীদের মনে উদ্বেগ সৃষ্টি করছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD