চেন্নাইয়ে আন্তর্জাতিক সভায় যোগ দিচ্ছেন বাউবির উপাচার্য ও কোষাধ্যক্ষ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম ভারতের চেন্নাইয়ে অনুষ্ঠিত “Blended Learning in Technical and Vocational Education and Training (TVET)” শীর্ষক আন্তর্জাতিক পরামর্শ সভায় অংশ নিচ্ছেন। আগামী সোমবার থেকে বৃহস্পতিবার (০৬ থেকে ৯ অক্টোবর) পর্যন্ত চলবে এ সভা।
বিজ্ঞাপন
রবিবার (০৫ অক্টোবর) ঢাকা থেকে চেন্নাইয়ের উদ্দেশে রওনা হয়েছেন তাঁরা। সভাটি যৌথভাবে আয়োজন করছে ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনিক্যাল টিচার্স ট্রেনিং অ্যান্ড রিসার্চ (NITTTR) চেন্নাই ও কমনওয়েলথ এডুকেশনাল মিডিয়া সেন্টার ফর এশিয়া (CEMCA)। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চেন্নাই তারামানির সিএসআইআর রোডের মূল অডিটোরিয়ামে কার্যক্রম চলবে। এতে বাংলাদেশ, ভারত, জার্মানি, মালয়েশিয়া, থাইল্যান্ডসহ অন্তত ১২টি দেশের প্রতিনিধি অংশ নেবেন।
আরও পড়ুন: ধান গবেষণায় ৫৫ বছর: ব্রিতে উৎসবের আমেজ
সভায় মূলত ব্লেন্ডেড লার্নিং মডেলের বাস্তবায়ন কৌশল, কারিগরি শিক্ষার আধুনিকায়ন ও শিল্পখাতের সঙ্গে কার্যকর সংযোগ স্থাপন বিষয়ে আলোচনা হবে। বিশেষজ্ঞদের মতে, এই শিক্ষা পদ্ধতি কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর পাশাপাশি উদ্যোক্তা তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG-4 ও SDG-8) অর্জনে সহায়তা করবে।
বিজ্ঞাপন
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম বলেন, “বাউবি জীবনব্যাপী ও দক্ষতাভিত্তিক শিক্ষার প্রসারে প্রতিশ্রুতিবদ্ধ। এই আন্তর্জাতিক সভা সেই অঙ্গীকার বাস্তবায়নে সহায়ক হবে। ব্লেন্ডেড লার্নিং এখন সময়ের দাবি, যা তরুণ প্রজন্মকে সনদের পাশাপাশি বাস্তব দক্ষতায় সমৃদ্ধ করবে।”
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম বলেন, “দক্ষতা উন্নয়ন এখন জাতীয় অগ্রাধিকার। আন্তর্জাতিক অংশীদারিত্ব ছাড়া এ খাতকে টেকসই করা সম্ভব নয়। এই সভার অভিজ্ঞতা শিক্ষাব্যবস্থার অর্থায়ন, টেকসই ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক মানে কারিগরি প্রশিক্ষণ বাস্তবায়নে সহায়ক হবে।”
বিজ্ঞাপন
সফরকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম নির্বিঘ্ন রাখতে প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন উপাচার্যের এবং প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদৌস পিএইচডি কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করবেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তাদের আশা, এই আন্তর্জাতিক অভিজ্ঞতা বাউবির শিক্ষা উন্নয়ন পরিকল্পনা, শিক্ষক প্রশিক্ষণ এবং শিল্পখাতের সঙ্গে সংযোগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।








