Logo

পূবাইলে হাত-পা বাঁধা সিকিউরিটি গার্ডের মরদেহ উদ্ধার

profile picture
উপজেলা প্রতিনিধি
১ ডিসেম্বর, ২০২৫, ১২:০৩
পূবাইলে হাত-পা বাঁধা সিকিউরিটি গার্ডের মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

গাজীপুর মহানগরীর পূবাইল এলাকায় একটি মোবাইল ফোন টাওয়ারের সিকিউরিটি গার্ডের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পূবাইল থানা পুলিশ।

বিজ্ঞাপন

নিহত গার্ডের নাম মীর আলতাব হোসেন (৬৫)। তিনি গাজীপুর মহানগরীর ৪০নং ওয়ার্ডের মেঘডুবী এলাকার মৃত মীর কাজিমুদ্দিন মাস্টারের ছেলে।

সোমবার (১ ডিসেম্বর) সকালে নগরীর মেঘডুবী ডাক্তারবাড়ি এলাকায় অবস্থিত একটি মোবাইল নেটওয়ার্ক টাওয়ারের ভেতরে গার্ড আলতাব হোসেনের হাত-পা বাঁধা মরদেহ প্রথমে দেখতে পান তার ছেলে সবুজ।

বিজ্ঞাপন

এর আগে টাওয়ার প্রতিষ্ঠানের দায়িত্বশীলরা আলতাব হোসেনের সঙ্গে যোগাযোগ না পেয়ে বিষয়টি তার ছেলেকে জানান। পরে সবুজ ঘটনাস্থলে গিয়ে তার বাবার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খালিদ হাসান জানান, হাত-পা বাঁধা অবস্থায় মরদেহ পড়ে থাকার বিষয়ে স্থানীয়রা আমাদের খবর দেন। ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিস্তারিত জানতে তদন্ত চলছে। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে।

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি খালিদ।

জেবি/এসএ

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD