কমলগঞ্জের লেনদেনের বিরোধে ছুরিকাঘাতে যুবক নিহত

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় টাকার লেনদেনকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে স্বাধীন পাল (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। ঘটনাটি কমলগঞ্জ থানাধীন মৃতিঙ্গা চা-বাগানে সংঘটিত হয়।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় মৃতিঙ্গা মোকামের সামনে এ রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটে। নিহত স্বাধীন পাল মৃতিঙ্গা চা-বাগানের বাসিন্দা। তিনি সীমান্ত পালের ছেলে এবং বাগানের বড় লাইনের বাসিন্দা ছিলেন।
অভিযোগ অনুযায়ী, টাকার লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে চন্ডিপুর এলাকার মাহি ইসলাম স্বাধীন পালকে ছুরি দিয়ে বুকের বাম পাঁজরে আঘাত করে। এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন এবং ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।
আরও পড়ুন: মহান বিজয় দিবস আজ
বিজ্ঞাপন
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে সিলেটে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ বিষয়ে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং মঙ্গলবার সকালে অভিযুক্ত মাহি ইসলামকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।








