Logo

জেলা প্রশাসককে গাড়িসহ অবরুদ্ধ করে বিক্ষোভ

profile picture
জেলা প্রতিনিধি
কুষ্টিয়া
২ মার্চ, ২০২৬, ১৬:৩২
জেলা প্রশাসককে গাড়িসহ অবরুদ্ধ করে বিক্ষোভ
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেনের প্রত্যাহার আদেশ বাতিলের দাবিতে বিক্ষোভ কর্মসূচি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ মার্চ) সকাল ১০টার দিকে মজমপুর গেট এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। মিছিল ও সমাবেশে জুলাইযোদ্ধা ও কুষ্টিয়ার বিভিন্ন স্তরের জনগণ অংশ নেন।

বিজ্ঞাপন

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা দাবি করেন, জেলা প্রশাসক ইকবাল হোসেনকে কুষ্টিয়ায় বহাল রাখার জন্য প্রত্যাহার আদেশ দ্রুত বাতিল করতে হবে। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

সমাবেশ চলাকালে জেলা প্রশাসক ইকবাল হোসেন একটি সভায় যোগ দিতে কার্যালয় থেকে বের হলে বিক্ষোভকারীরা তাকে প্রায় এক ঘণ্টা গাড়িসহ অবরুদ্ধ রাখেন। পরে জোহরের নামাজ ও জরুরি বৈঠকের কথা উল্লেখ করে অনুরোধ করলে শিক্ষার্থীরা তাকে গাড়িসহ যেতে দেন।

বিজ্ঞাপন

সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। এর আগে রোববার (১ মার্চ) রাতেও একই ধরণের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

রোববার (১ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় কুষ্টিয়াসহ দেশের আরও চার জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটকে প্রত্যাহারপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করার প্রজ্ঞাপন জারি করে। এ প্রজ্ঞাপনের পরই জেলা প্রশাসককে বহাল রাখার দাবিতে কুষ্টিয়ায় আন্দোলন তীব্রতা পায়।

বিজ্ঞাপন

বিক্ষোভকারীদের মূল দাবি, প্রশাসক ইকবাল হোসেনকে স্থানীয়ভাবে বহাল রাখা হলে কুষ্টিয়ার প্রশাসনিক ও জনসাধারণের স্বার্থে সুবিধা হবে এবং তিনি এই অঞ্চলের প্রশাসনিক কার্যক্রমে সুষ্ঠু অবদান রাখছেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD