দুর্গম পাহাড়ে বিভীষিকা: জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সেই ছোট্ট শিশু

চট্টগ্রামের সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের গভীর অরণ্যে এক সাত বছরের শিশুকে গলাকাটা ও মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) দুপুরে স্থানীয় শ্রমিকরা শিশুটিকে উদ্ধার করে। বর্তমানে সে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে মৃত্যুর সঙ্গে লড়ছে।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, রোববার দুপুর ২টার দিকে ইকোপার্কের প্রায় ৫ কিলোমিটার গভীরে সড়ক উন্নয়নের কাজে থাকা শ্রমিকরা দেখেন, জঙ্গল থেকে রক্তে ভেজা শিশুটি রাস্তার দিকে এগিয়ে আসছে। তার শ্বাসনালী কাটা ছিল, পরনের কাপড় রক্তে ভেজা, এবং দেহের নিচের অংশে কোনো পোশাক ছিল না।
উদ্ধারকারী যুবক রবিউল হাসান ও আরিফুল ইসলাম রনি জানান, শিশুটির অবস্থা দেখে তারা দ্রুত গলার ক্ষত ঢেকে ট্রাকে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
বিজ্ঞাপন
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা বলেন, শিশুটির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তার শ্বাসনালী কেটে যাওয়ায় কথা বলা সম্ভব হচ্ছে না। প্রাথমিক পর্যবেক্ষণে ধারণা করা হচ্ছে, সে নৃশংস ধর্ষণের শিকার হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
সীতাকুণ্ড থানার পুলিশ জানায়, শিশুটিকে কুমিরা এলাকা থেকে ফুসলিয়ে ইকোপার্কে নিয়ে যাওয়া হয়েছিল। ধর্ষণের পর তাকে মৃত ভেবে ফেলে রাখা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে। হাসপাতাল থেকে শিশুটি ধীরে ধীরে তার নাম ও পরিচয় জানাতে সক্ষম হয়। পরিবারকে খবর দেওয়া হয়েছে। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।








