প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন যুবলীগ নেতা

ফেনীর পরশুরামে বাবা রফিকুল ইসলাম মজুমদারের জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি পেয়েছেন উপজেলা যুবলীগের আহ্বায়ক ইয়াছিন শরীফ মজুমদার। সোমবার (২ মার্চ) বেলা ১১টার দিকে পৌরসভার পূর্ব অনন্তপুর ছয়ঘরিয়া ঈদগাহ ময়দানে জানাজায় তাকে পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে আনা হয়।
বিজ্ঞাপন
পারিবারিক সূত্রে জানা যায়, রফিকুল ইসলাম মজুমদার রোববার দুপুরে দীর্ঘদিন অসুস্থ থাকার পর নিজ বাসায় মৃত্যুবরণ করেন। পরিবারের পক্ষ থেকে ইয়াছিন শরীফ মজুমদারকে একনজর বাবাকে দেখার ও জানাজায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য প্যারোলে মুক্তির আবেদন করা হয়। জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতিতে সকাল ৯টা ৩০ মিনিট থেকে সাড়ে ১২টা পর্যন্ত তিন ঘণ্টার জন্য তিনি প্যারোলে মুক্তি পান।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ পাহারায় ইয়াছিন শরীফ মজুমদার জানাজায় অংশ নিয়ে বাবার রূহের মাগফিরাত কামনা করেন এবং শেষে তাকে পুনরায় কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।
বিজ্ঞাপন
ইয়াছিন শরীফ মজুমদার পরশুরাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন মজুমদারের ভাতিজা এবং বড় মেয়ের জামাতা। এছাড়া দীর্ঘ সময় ধরে তিনি পরশুরাম বিআরডিবি চেয়ারম্যান ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি পরশুরাম উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতির দায়িত্বেও ছিলেন।
পরশুরাম মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম বলেন, বাবার জানাজা ও দাফনে অংশ নিতে তিন ঘণ্টার জন্য যুবলীগ নেতা ইয়াছিন শরীফ মজুমদার প্যারোলে মুক্তি পেয়েছেন। দাফনের পর পুলিশ পাহারায় তাকে আবার কারাগারে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
গত বছরের ৩০ জুলাই রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকা থেকে ইয়াছিন শরীফ মজুমদারকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।








