উপনির্বাচন সামনে রেখে বগুড়ায় প্রধানমন্ত্রীর সফর স্থগিত

আগামী ১০ মার্চ বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্ধারিত সফর আপাতত স্থগিত করা হয়েছে। ৯ এপ্রিল অনুষ্ঠেয় বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনকে সামনে রেখে পূর্বঘোষিত এই কর্মসূচি বাতিল করা হয়।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান এবং জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
রেজাউল করিম বাদশা বলেন, বগুড়া-৬ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ সময় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি চালু করলে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠতে পারে। নির্বাচনী বিধি মেনে চলার অংশ হিসেবেই প্রধানমন্ত্রীর সফর স্থগিত করা হয়েছে।
বিজ্ঞাপন
জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর এ কর্মসূচি বাতিল করা হয়েছে। পরবর্তী তারিখ পরে জানানো হবে।
এর আগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য মীর শাহে আলম গত ২৭ ফেব্রুয়ারি নিজ এলাকায় সফরকালে জানান, ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনে প্রধানমন্ত্রী তারেক রহমান ১০ মার্চ বগুড়া সফরে আসবেন।
বিজ্ঞাপন
উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) ও ঢাকা-১৭ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে বিজয়ী হন। বিধি অনুযায়ী শপথের আগে তিনি বগুড়া-৬ (সদর) আসন ছেড়ে দেন। পরে নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করে এবং আগামী ৯ এপ্রিল উপনির্বাচনের তফসিল ঘোষণা করে।
এ আসনে বিএনপির প্রার্থী হিসেবে জেলা সভাপতি রেজাউল করিম বাদশাকে মনোনয়ন দেওয়া হয়েছে। মনোনয়নপত্র জমার শেষ দিন ২ মার্চ দুপুরে বিএনপির রেজাউল করিম বাদশা, বাংলাদেশ জামায়াতে ইসলামি–র শহর শাখার আমির আবিদুর রহমান সোহেল এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি–র আল-আমিন তালুকদার মনোনয়নপত্র দাখিল করেন।








