আনসার–ভিডিপির জেলা পর্যায়ে নির্বাচনী প্রস্তুতি সমাবেশ উপলক্ষে মতবিনিময়

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ ও গণভোটকে কেন্দ্র করে নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী, সমন্বিত ও প্রযুক্তিনির্ভর করতে দেশব্যাপী বিস্তৃত প্রস্তুতি কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
বিজ্ঞাপন
এই প্রস্তুতির অংশ হিসেবে আজ (২ ফেব্রুয়ারি) বরিশাল জেলা কমান্ড্যান্ট কার্যালয়ের কনফারেন্স কক্ষে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। একই সময়ে সিলেট বিভাগে আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে আয়োজিত হয় বৃহৎ পরিসরের নির্বাচনী প্রস্তুতি সমাবেশ।
বরিশালে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। সভায় তিনি নির্বাচনকালীন দায়িত্ব পালনে বাহিনীর ভূমিকা আরও কার্যকর ও শক্তিশালী করার বিষয়ে দিকনির্দেশনা দেন।
বিজ্ঞাপন
এ সময় তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আনসার–ভিডিপি সদস্যদের পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বরিশাল রেঞ্জের রেঞ্জ কমান্ডার, জেলা কমান্ড্যান্ট এবং উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের প্রতি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, দায়িত্বের সুষ্ঠু বণ্টন এবং পারস্পরিক সমন্বয় জোরদারে সর্বোচ্চ নিষ্ঠা নিয়ে কাজ করার আহ্বান জানান।
অন্যদিকে, সিলেট বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্স মাঠে আয়োজিত নির্বাচনী প্রস্তুতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ।
তিনি তাঁর বক্তব্যে জানান, এবারের নির্বাচনে নতুন উদ্যোগ হিসেবে প্রতিটি প্রিজাইডিং অফিসারের নিরাপত্তায় একজন করে অস্ত্রধারী আনসার সদস্য মোতায়েন করা হবে। এছাড়া প্রতিটি ভোটকেন্দ্রে ঝুঁকির মাত্রা বিবেচনায় প্রয়োজন অনুযায়ী নির্ধারিত সংখ্যক অস্ত্রধারী সদস্য দায়িত্ব পালন করবেন।
বিজ্ঞাপন
তিনি আরও উল্লেখ করেন, আধুনিক প্রযুক্তির সহায়তায় ‘সুরক্ষা অ্যাপ’ ব্যবহার করে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা তাৎক্ষণিকভাবে রিপোর্ট করা যাবে, যার মাধ্যমে দ্রুত ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করা হবে।
আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সারাদেশে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় জনবল নিয়োগ ও মোতায়েন সম্পন্ন করেছে। পাশাপাশি সদস্যদের জন্য প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা, ইউনিফর্ম ও ভাতা প্রদান এবং আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা কার্যক্রমও ইতোমধ্যে বাস্তবায়ন করা হয়েছে।
বিজ্ঞাপন
এই সমন্বিত প্রস্তুতি ও নীতিনির্ভর নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে নির্বাচন ব্যবস্থাপনায় শৃঙ্খলা, স্বচ্ছতা ও জনআস্থা আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করা হয়েছে। ভবিষ্যতেও নির্বাচনসহ জাতীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একটি দক্ষ, নির্ভরযোগ্য ও প্রযুক্তিসম্পন্ন বাহিনী হিসেবে গণতান্ত্রিক প্রক্রিয়া সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখবে—এমন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বাহিনীর শীর্ষ নেতৃত্ব।








