Logo

সাগরে ট্রলির ধাক্কায় ট্রলার ডুবিতে জেলে নিহত, নিখোঁজ ১

profile picture
জেলা প্রতিনিধি
কক্সবাজার
৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫:৪৩
সাগরে ট্রলির ধাক্কায় ট্রলার ডুবিতে জেলে নিহত, নিখোঁজ ১
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে মাছ শিকাররত অবস্থায় ফিশিং ট্রলিংয়ের ধাক্কায় ট্রলার ডুবিতে এক জেলে নিহত হয়েছে। এ ঘটনায় ১৩ জন জেলেকে জীবিত উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ রয়েছে এক জেলে।

বিজ্ঞাপন

রবিবার (৮ ফেব্রুয়ারি) কক্সবাজারের কুতুবদিয়ার অদূরে বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও ট্রলার মালিকরা নিশ্চিত করেছেন।

নিহত জেলে আক্তার আলম বাদশা (৫৫), কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং নয়াকাটা গ্রামের বাসিন্দা। তার মরদেহ উদ্ধারের পর কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। নিখোঁজ জেলে হলেন জিয়াবুল মোহাম্মদ হোসেন।

বিজ্ঞাপন

কুতুবদিয়া থানার ওসি মো. মাহবুবুল হক বলেন, সাগরে ফিশিং ট্রলিংয়ের ধাক্কায় ট্রলার ডুবিতে এক জেলে নিহত হয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হচ্ছে।

ট্রলার মালিক নাসির উদ্দিন বলেন, তার মালিকানাধীন এফবি নুরুন নাহার-১ গত শুক্রবার ১৫ জন জেলে নিয়ে সাগরে মাছ ধরতে যায়। রবিবার দুপুরের আগে জেলেরা জাল উঠানোর সময় দ্রুতবেগে আসা এফবি হার্টি নামের একটি ফিশিং ট্রলি তার ট্রলারকে ধাক্কা দেয়। এসময় জেলেরা সাগরে ছিঁটকে পড়ে সাঁতরাতে থাকে।

বিজ্ঞাপন

ট্রলারের মাঝি মো. শরীফ বলেন, ধাক্কায় সবাই সাগরে পড়ে গেলে ভাসতে থাকে। এসময় উত্তর ধুরুং নয়াকাটা গ্রামের আক্তার আলম বাদশা (৫৫) সাগরে তলিয়ে যেতে দেখে উদ্ধার করা হয় মৃত অবস্থায়। অপর জেলে জিয়াবুল মোহাম্মদ হোসেন নিখোঁজ হন। বাকি ১৩ জেলেকে অন্য ট্রলারের সাহায্যে উদ্ধার হয়েছে।

নিহত ও উদ্ধারকৃত জেলেরা সোমবার সকাল ৯টার দিকে উপকূলে পৌছার পর কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে উদ্ধার হওয়াদের চিকিৎসা দেয়া হচ্ছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD