বাঞ্ছারামপুরে জামায়াতের গণমিছিল

ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় ঐক্যজোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ মহসিনের নেতৃত্বে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে বাঞ্ছারামপুর উপজেলার মাওলাগঞ্জ বাজার থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাতুর বাড়ি মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশ ও বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়।
মিছিলে জামায়াতে ইসলামী বাঞ্ছারামপুর উপজেলা শাখার নেতাকর্মীদের পাশাপাশি বিপুলসংখ্যক সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। এ সময় বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
বিজ্ঞাপন
সংক্ষিপ্ত বক্তব্যে এমপি প্রার্থী মোহাম্মদ মহসিন বলেন, আগামী ১২ তারিখ ব্যালটযুদ্ধের মাধ্যমে দাঁড়িপাল্লার বিজয় সুনিশ্চিত করতে আমরা প্রস্তুত। আমাদেরকে ছোট করে দেখার কিছুই নেই। ভোট চোর ও ভোট ডাকাতদের হুঁশিয়ার করে বলতে চাই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে কেউ ভোট ডাকাতির চেষ্টা করলে তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে এ এলাকার মানুষ ন্যায়বিচার ও সুশাসন থেকে বঞ্চিত। জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং ইসলামী মূল্যবোধের আলোকে একটি কল্যাণরাষ্ট্র গড়ে তুলতেই আমাদের এই আন্দোলন। আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বাঞ্ছারামপুরের উন্নয়নে সবাইকে পাশে থাকার আহ্বান জানাই। সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে জামায়াতে ইসলামী সবসময় জনগণের পাশে থাকবে।
বিজ্ঞাপন
গণমিছিলে উপস্থিত ছিলেন, বাঞ্ছারামপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির কাজী আবুল বাশার, সেক্রেটারি শামীম নুর ইসলাম, অধ্যাপক নকিবুল হুদা, উপজেলা জামায়েতে ইসলামীর সহকারী সেক্রেটারি আলাউদ্দিন সাদী, বাঞ্ছারামপুর পৌর জামায়াতের সাবেক সভাপতি মাসুদুর রহমান, এনসিপির বাঞ্ছারামপুর আহবায়ক মোহাম্মদ মাইনুদ্দিন, খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক আলমগীর সারোয়ারসহ স্থানীয় নেতৃবৃন্দ।








