টাঙ্গাইল–৭ আসনে ১২৬ ভোটকেন্দ্রের মধ্যে ১২টি ঝুঁকিপূর্ণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল–৭ (মির্জাপুর) সংসদীয় আসনে মোট ১২৬টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। এর মধ্যে ১২টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে উপজেলা প্রশাসন। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে ইতোমধ্যে সিসি ক্যামেরা স্থাপনসহ বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ভোটকেন্দ্রগুলো হলো— গোড়াই ইউনিয়নের রাজাবাড়ী উচ্চ বিদ্যালয়, মঈননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মীর দেওহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, রশিদ দেওহাটা উচ্চ বিদ্যালয়, বাইমাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, রানাশাল উচ্চ বিদ্যালয় ও সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এছাড়া আজগানা ইউনিয়নের ঝোপবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, চিতেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বংশাই স্কুল অ্যান্ড কলেজ, ঘাগড়াই কুড়াতলী উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং লতিফপুর ইউনিয়নের ত্রিমোহন সরকারি প্রাথমিক বিদ্যালয়।
বিজ্ঞাপন
একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত টাঙ্গাইল–৭ (মির্জাপুর) আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭৫ হাজার ৪৩৭ জন। এ সংখ্যায় নারী, পুরুষ ও তৃতীয় লিঙ্গের ভোটার অন্তর্ভুক্ত রয়েছেন।
এই আসনে মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন— বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী কেন্দ্রীয় বিএনপির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী জেলা জামায়াতের শিক্ষা সম্পাদক মাওলানা আব্দুল্লাহ তালুকদার এবং বাংলাদেশ রিপাবলিকান পার্টি মনোনীত হাতি প্রতীকের প্রার্থী তোফাজ্জল হোসেন।
বিজ্ঞাপন
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পুলিশ প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত।
মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সুরাইয়া ইয়াসমিন জানান, প্রশাসনের পক্ষ থেকে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতোমধ্যে সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন সম্পন্ন হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।








