চট্টগ্রাম হাসপাতালে হামের উপসর্গে নিয়ে আরও ১৬ শিশু ভর্তি

চট্টগ্রামে হামের উপসর্গ দেখা দেয়ায় আরও ১৬ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ৯ শিশুকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ১৭ শিশুকে সন্দেহজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
বিজ্ঞাপন
প্রতিবেদনের তথ্যানুযায়ী, নতুন ভর্তি হওয়া শিশুরা সবাই চট্টগ্রাম মহানগর এলাকার বাসিন্দা। মহানগরীতে বর্তমানে উপসর্গযুক্ত মোট ৮৭ জন শিশু চিকিৎসাধীন।
ঢাকার ন্যাশনাল পোলিও অ্যান্ড মিজেলস ল্যাবরেটরিতে (NPML, IPH) নতুন করে ৩২টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। জেলায় এ পর্যন্ত মোট পাঠানো নমুনার সংখ্যা ১৫৫টি।
বিজ্ঞাপন
চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, “মহানগরীর বিভিন্ন এলাকায় মাঠ পর্যায়ে নিবিড় নজরদারি রাখা হচ্ছে। শনাক্তকৃত ও সন্দেহভাজন শিশুদের নিয়মিত চিকিৎসা দেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় নমুনা পরীক্ষা ঢাকার ল্যাবরেটরিতে পাঠানো হচ্ছে।”
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, জেনারেল হাসপাতাল এবং বেসরকারি মা ও শিশু হাসপাতালে শিশুরা হামের চিকিৎসা নিচ্ছে। এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজের শিশু স্বাস্থ্য বিভাগে হামে আক্রান্ত শিশুদের জন্য পৃথক কর্নার চালু করা হয়েছে।








