নির্বাচনের দুই দিন আগে ভোটকেন্দ্রে আগুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনা সদর উপজেলায় একটি ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) গভীর রাতে সদর উপজেলার নূরপুর সিধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত ভোটকেন্দ্রে দুর্বৃত্তরা এ হামলা চালায়।
বিজ্ঞাপন
স্থানীয় বাসিন্দা ও বিদ্যালয় সূত্র জানায়, রাত আনুমানিক ২টা থেকে আড়াইটার মধ্যে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিরা বিদ্যালয়ের পুরোনো ভবনের একটি কক্ষের জানালার গ্রিল দিয়ে ভেতরে দাহ্য পদার্থ নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেয়। ওই ভবনে মোট চারটি ভোটগ্রহণ বুথ স্থাপনের পরিকল্পনা ছিল।
আগুনের শিখা দেখতে পেয়ে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে কক্ষের ভেতরে থাকা দুটি বেঞ্চ, একটি সিলিং ফ্যান, লাইটসহ বেশ কিছু আসবাবপত্র পুড়ে যায়।
বিজ্ঞাপন
খবর পেয়ে রাতেই নেত্রকোনা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। পরদিন মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে জেলা পুলিশ, গোয়েন্দা শাখা (ডিবি)সহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেন।
পুলিশ জানিয়েছে, ভোটকেন্দ্রের একটি বুথের পেছনের জানালা ব্যবহার করে আগুন দেওয়া হয়েছে। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যেই এ নাশকতা চালানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বিজ্ঞাপন
ঘটনার পর নূরপুর সিধরপুর ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন ব্যাহত করতে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।








