৫০ কিলোমিটার যানজটে স্থবির গাজীপুর, ভাড়া তিনগুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টানা চার দিনের ছুটি ঘোষণার পর শিল্পাঞ্চল গাজীপুরে ঘরমুখী মানুষের ঢল নেমেছে। এতে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের প্রায় ৫০ কিলোমিটারজুড়ে নজিরবিহীন যানজট সৃষ্টি হয়েছে। একই সঙ্গে যাত্রীদের কাছ থেকে তিনগুণ ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে পরিবহন সংশ্লিষ্টদের বিরুদ্ধে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ঘুরে দেখা যায়, টঙ্গী কলেজ গেট থেকে মাওনা চৌরাস্তা এবং গাজীপুরের ভোগড়া এলাকা থেকে কালিয়াকৈর বাইপাস পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও ঘণ্টার পর ঘণ্টা যানবাহন দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
যাত্রীদের অভিযোগ, ৫০০ টাকার ভাড়া ১২০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। অতিরিক্ত ভাড়ার প্রতিবাদে গাজীপুরের চান্দনা চৌরাস্তা–মাওনা এলাকায় কিছু সময় সড়ক অবরোধ করেন ক্ষুব্ধ যাত্রীরা।
বিজ্ঞাপন
এর আগে, গতকাল সোমবার বিকেল থেকে গাজীপুরের বিভিন্ন এলাকার চারশতাধিক শিল্প-কারখানা ছুটি ঘোষণা করা হলে সন্ধ্যার পর থেকে ঘরমুখী মানুষের ঢল বাড়তে থাকে সড়কে। দেশের উত্তরাঞ্চলের ২৬ জেলার প্রবেশপথ চন্দ্রা বাস টার্মিনাল এলাকায় যাত্রীদের উপচে পড়ে ভিড় সৃষ্টি হয়। রাতভর যানবাহনে অপেক্ষায় থাকা লোকজন আজ সকাল থেকে বাস-ট্রাক, পিকাপসহ বিভিন্ন বাহনে করে গন্তব্যের উদ্দেশে ছুটে যাচ্ছেন। যানজট নিরসনে চন্দ্রা বাস টার্মিনাল, গাজীপুরের চান্দনা চৌরাস্তা ও ভোগড়া বাইপাস এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপরতা চালিয়ে যাচ্ছে।
শিহাদ আলী নামে এক যাত্রী বলেন, “ছুটি পেয়ে রাতেই বাড়ির উদ্দেশে বের হয়েছি। কিন্তু প্রচণ্ড যানজটে গাড়ি চলছে না। আজ সকালে আবার গাড়ি ধরতে এসে দেখি ৬০০ টাকার ভাড়া চাইছে ১৫০০ টাকা।
পোশাক শ্রমিক বিলকিস বেগম বলেন, আমি ভোট দিতে যাব গ্রামের বাড়িতে। রাস্তায় প্রচুর যানজট, কোনো গাড়িতে ন্যায্য ভাড়ায় উঠতে পারছি না। পুরা একটা সিন্ডিকেট বানিয়ে ফেলেছে। এখানে প্রশাসনের কোনো দায়িত্ব পালন করতেও দেখছি না।
বিজ্ঞাপন
রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে ছেড়ে আসা শ্যামলী এন আর বাসের চালক আব্বাস উদ্দিন বলেন, যাত্রী নিয়ে রাত ১টার দিকে সাভারে এসে পৌঁছেছি। এরপর, থেকে সকাল হয়েছে চন্দ্রা বাস কাউন্টার পর্যন্ত আসতে। তিনি বলেন, যাত্রীর চাপ অতিরিক্ত থাকায় পরিবহনের ভাড়া বেড়ে গেছে। অনেক গাড়ি যানজটে আটকে আছে।
এ বিষয়ে নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাউগাতুল আলম বলেন, নির্বাচন উপলক্ষে শিল্পকারখানায় ছুটি হওয়ায় শ্রমিকরা বাড়িতে যাচ্ছেন, এতে যানজট সৃষ্টি হয়েছে। যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।








