বাগেরহাটে পরিত্যক্ত ভবনের পাশ থেকে ৬ ককটেল উদ্ধার

বাগেরহাটে ভোররাতে যৌথ অভিযানে ছয়টি তাজা ককটেল উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশ। বুধবার (১১ ফেব্রুয়ারি) শহরের কাঠেরপোল এলাকার একটি পরিত্যক্ত ভবনের পাশ থেকে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
যৌথবাহিনী সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাগেরহাট সদর উপজেলার হাড়িখালি (কাঠেরপুল) সুইচগেট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সেখানে একটি পরিত্যক্ত ভবনের পাশে মাটি খুঁড়ে রাখা প্লাস্টিকের বালতির ভেতর থেকে ৬টি ককটেল পাওয়া যায়। সেনাবাহিনীর বাগেরহাট সদর ২৩ আরই ব্যাটালিয়নের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
আরও পড়ুন: বিএনপি-এনসিপির রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৩
পুলিশের ধারণা, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে নাশকতার উদ্দেশ্যে দুর্বৃত্তরা গোপনে এসব ককটেল মজুত করে রেখেছিল। উদ্ধারস্থলে নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমানে পুলিশের একটি টহল দল মোতায়েন রয়েছে।
বিজ্ঞাপন
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, র্যাবের বোম্ব ডিসপোজাল টিম ঘটনাস্থলে এসে উদ্ধার হওয়া ককটেলগুলো নিষ্ক্রিয় করবে। পাশাপাশি জড়িতদের শনাক্তে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।








