Logo

বদলগাছীতে পেট্রোল বোমা সদৃশ বস্তু উদ্ধার; নাশকতার প্রস্তুতি বলছে আইনশৃঙ্খলা বাহিনী

profile picture
জেলা প্রতিনিধি
নওগাঁ
১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১৪:০৬
বদলগাছীতে পেট্রোল বোমা সদৃশ বস্তু উদ্ধার; নাশকতার প্রস্তুতি বলছে আইনশৃঙ্খলা বাহিনী
ছবি: প্রতিনিধি

নওগাঁর বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের ঝাড়ঘরিয়া গ্রামে একটি মুদিদোকানের পাশ থেকে পেট্রোল বোমা সদৃশ কিছু বস্তু উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। উদ্ধার হওয়া সামগ্রীগুলো বোমা কি না, তা নিশ্চিত হতে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের পরীক্ষার অপেক্ষা করা হচ্ছে।

বিজ্ঞাপন

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে একটি ছোট বস্তার ভেতরে রাখা কার্টুনে মোড়ানো কয়েকটি বোতল, ছোট কৌটা এবং বোমা তৈরিতে ব্যবহৃত হতে পারে—এমন কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে চারটি পেট্রোল বোমা সদৃশ বস্তু, একটি খালি বোতল ও আটটি ছোট কৌটা রয়েছে।

র‌্যাবের ডিএডি আশরাফুল আলম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে একটি ছোট বস্তায় কার্টুনে মোড়ানো এসব সামগ্রী উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

বিজ্ঞাপন

তবে স্থানীয় মুদিদোকানি সম্পদ সরদার দাবি করেছেন, উদ্ধার হওয়া সামগ্রীর সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। তিনি বলেন, “আমি একজন কিডনি রোগী। এই ছোট দোকানের আয়ে কোনোমতে সংসার চলে। আমাকে ষড়যন্ত্র করে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। এসব বিষয়ে আমি কিছুই জানি না।”

সম্পদ সরদারের স্ত্রী বিউটি বেগম জানান, সকাল সাড়ে ছয়টার দিকে চারজন ব্যক্তি মোটরসাইকেলে এসে চা খাওয়ার কথা বলে দোকানে বসেন এবং বিভিন্ন প্রশ্ন করেন। তার দাবি, তারা একটি ব্যাগ দোকানের পাশে রেখে যেতে চাইলে তিনি আপত্তি জানান। এ সময় ওই ব্যক্তিরা ব্যাগে হাত না দিতে বলেন। পরে তারা নিজেদের র‌্যাব সদস্য পরিচয় দিয়ে চলে যান। কিছুক্ষণ পর আবার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে বস্তা খুলে ভেতরে বোমা সদৃশ বস্তু থাকার কথা জানান।

বিজ্ঞাপন

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান বলেন, “ছোট একটি বস্তার ভেতর থেকে চারটি বোতল, আটটি কৌটা ও কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি, এপিবিএন ও পুলিশ যৌথভাবে কাজ করছে।” তিনি আরও জানান, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্দেশ্যে এসব ব্যবহারের প্রস্তুতি নেওয়া হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের পরীক্ষা ছাড়া নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD