ধামরাইয়ে ভোট কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক রেজাউল করিম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ধামরাই (ঢাকা-২০) আসনের বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন ঢাকা জেলা প্রশাসক মোঃ রেজাউল করিম।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ধামরাই উপজেলার একাধিক কেন্দ্রে যান জেলা প্রশাসক। তিনি কেন্দ্রগুলোর নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সরাসরি পরিদর্শন করেন।
জেলা প্রশাসক রেজাউল করিম বলেন, “নির্বাচন সম্পূর্ণ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকল কর্মকর্তাকে দায়িত্বশীল ও নিরপেক্ষভাবে কাজ করতে হবে। ভোটকেন্দ্রের নিরাপত্তা, ভোটারদের নির্বিঘ্ন ভোটাধিকার প্রয়োগ এবং নির্বাচনের সকল প্রস্তুতি সময়মতো শেষ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।”
বিজ্ঞাপন
এ সময় ধামরাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রিদওয়ান আহমেদ রাফি, ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, ধামরাই থানার ওসি মোঃ নাজমুল হুদা খান এবং অন্যান্য পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে একটি স্বচ্ছ ও সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দিকেও নজর রাখছেন।








