Logo

৫৪ বছরের অপেক্ষার অবসান, প্রথম প্রতিমন্ত্রী পেল পঞ্চগড়-২ আসন

profile picture
জেলা প্রতিনিধি
পঞ্চগড়
১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ২১:১৭
৫৪ বছরের অপেক্ষার অবসান, প্রথম প্রতিমন্ত্রী পেল পঞ্চগড়-২ আসন
ছবি: সংগৃহীত

স্বাধীনতার পর এই প্রথম পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসন থেকে বিএনপির কোনো সংসদ সদস্য মন্ত্রিসভায় স্থান পেলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে এবার প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ফরহাদ হোসেন আজাদ। মঙ্গলবার বিকেলে তিনি প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।

বিজ্ঞাপন

স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এ ঘটনাকে ঐতিহাসিক মুহূর্ত হিসেবে দেখছেন দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা। কারণ, স্বাধীনতার পর এ আসন থেকে বিএনপির মনোনীত কোনো সংসদ সদস্য কখনও মন্ত্রী বা প্রতিমন্ত্রীর দায়িত্ব পাননি। এর আগে এই আসন থেকে আওয়ামী লীগ মনোনীত নুরুল ইসলাম সুজন রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

ফরহাদ হোসেন আজাদের মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির খবরে বোদা উপজেলায় আনন্দের পরিবেশ সৃষ্টি হয়। বিকেলে বোদা উপজেলা বিএনপির উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। পরে নেতাকর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, সাধারণ সম্পাদক দিলরেজা ফিরদোস চিন্ময়, জেলা কৃষকদলের সদস্যসচিব শাহজাহান সিরাজসহ স্থানীয় নেতাকর্মীরা।

জেলা কৃষকদলের সদস্যসচিব শাহজাহান সিরাজ বলেন, বোদা ও দেবীগঞ্জের জনগণ স্বতঃস্ফূর্তভাবে ধানের শীষ প্রতীকে ভোট দিয়েছেন। জনগণের এই সমর্থনের স্বীকৃতি হিসেবেই দলের চেয়ারম্যান নির্বাচিত সংসদ সদস্যকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন। এজন্য তিনি দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নির্বাচনে ফরহাদ হোসেন আজাদ ধানের শীষ প্রতীকে এক লাখ ৭৪ হাজার ৬৫০ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী সফিউল আলম পান এক লাখ ২৮ হাজার ৮৬২ ভোট।

বিজ্ঞাপন

দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে ফরহাদ হোসেন আজাদের। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক এবং পঞ্চগড় জেলা বিএনপির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। ছাত্র রাজনীতি থেকেই তার রাজনৈতিক পথচলা শুরু। রাজশাহী সরকারি কলেজ ছাত্রদল ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন তিনি। পরবর্তীতে কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি ও যুবদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতির দায়িত্বও পালন করেছেন।

নতুন প্রতিমন্ত্রী হিসেবে তার দায়িত্বপ্রাপ্তি পঞ্চগড়-২ আসনের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD