Logo

এক নারীকে স্ত্রী দাবি করে মুখোমুখি দুই যুবক, এলাকায় চাঞ্চল্য

profile picture
জেলা প্রতিনিধি
জামালপুর
১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ২১:৩৩
এক নারীকে স্ত্রী দাবি করে মুখোমুখি দুই যুবক, এলাকায় চাঞ্চল্য
ছবি: সংগৃহীত

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় এক নারীকে নিজেদের স্ত্রী দাবি করে দুই যুবকের মুখোমুখি অবস্থান ঘিরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার আওনা ইউনিয়নের জগন্নাথগঞ্জ পুরাতন ঘাট বাজার এলাকায় ঘটনাটি ঘটে। পরে স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং সংশ্লিষ্ট তিনজনকে পুলিশে সোপর্দ করা হয়।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, চর পোগলদিঘা গ্রামের মনোহারি ব্যবসায়ী আতিকুল হাসান রাসেলের সঙ্গে একই ইউনিয়নের গাছপাড়া গ্রামের শারমিন আক্তারের বিয়ে হয়। রাসেলের দাবি, বিয়ের পর তিনি স্ত্রীকে পড়াশোনার সুযোগ করে দেন এবং তাকে প্যাথলজিস্ট হিসেবে প্রতিষ্ঠিত করতে সহায়তা করেন। পরবর্তীতে শারমিন একটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে চাকরি নিলে ওই প্রতিষ্ঠানের মালিক লিয়াকত শিকদারের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ করেন তিনি।

রাসেলের ভাষ্য অনুযায়ী, শারমিন পরবর্তীতে লিয়াকতকে বিয়ে করে তাদের কন্যা সন্তানকে তার কাছে রেখে চলে যান। তবে কিছুদিন পর নির্যাতনের অভিযোগ তুলে আবার তার কাছে ফিরে আসেন। সন্তানের কথা বিবেচনায় নিয়ে তিনি স্ত্রীকে পুনরায় গ্রহণ করেন বলে দাবি করেন রাসেল। কিন্তু পরে চাকরির প্রলোভন দেখিয়ে লিয়াকত আবার শারমিনকে নিয়ে যান এবং বর্তমানে তাকে নিজের স্ত্রী বলে দাবি করছেন।

বিজ্ঞাপন

অন্যদিকে লিয়াকত শিকদারের বক্তব্য ভিন্ন। তিনি জানান, শারমিন প্রথম স্বামীকে আইনগতভাবে তালাক দেওয়ার পরই তাকে বিয়ে করেছেন। গত আড়াই মাস ধরে তারা জগন্নাথগঞ্জ ঘাট এলাকায় ভাড়া বাসায় একসঙ্গে বসবাস করছেন বলেও দাবি করেন তিনি।

মঙ্গলবার দুপুরে বাজার এলাকায় দুই পক্ষের মধ্যে মুখোমুখি বাকবিতণ্ডা শুরু হলে স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি বেগতিক দেখে আশপাশের লোকজন তিনজনকেই আটক করে পুলিশে খবর দেন।

বিজ্ঞাপন

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ বাচ্চু মিয়া জানান, এক নারীকে দুই ব্যক্তি স্ত্রী হিসেবে দাবি করায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বর্তমানে সংশ্লিষ্ট তিনজনকে থানা হেফাজতে রাখা হয়েছে। নিকাহনামা ও তালাকসংক্রান্ত কাগজপত্র যাচাই করে আইনি প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে প্রকৃত বৈধ সম্পর্ক নির্ধারণ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD