প্রেমের টানে চীন থেকে বাংলাদেশে, রাজনগরের সুকান্ত সেনের ঘরে চীনা তরুণী

দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর চীনের এক তরুণীকে বিয়ের উদ্দেশ্যে দেশে নিয়ে এসেছেন রাজনগর উপজেলার যুবক সুকান্ত সেন। বিষয়টি ঘিরে এলাকায় ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে।
বিজ্ঞাপন
জানা গেছে, তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সেখান থেকে বিশেষ ব্যবস্থায় হেলিকপ্টারযোগে কনেকে নিয়ে নিজ বাড়ি রাজনগরে যান সুকান্ত।
পারিবারিক সূত্রে জানা যায়, আগামী ২১ ফেব্রুয়ারি গায়ে হলুদ, ২২ ফেব্রুয়ারি বিয়ের মূল আনুষ্ঠানিকতা এবং ২৪ ফেব্রুয়ারি বৌভাতের আয়োজন করা হয়েছে। এর আগে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তারা চীনে আনুষ্ঠানিকভাবে বিবাহ নিবন্ধন করেন। এবার সামাজিক ও ধর্মীয় রীতিনীতি অনুযায়ী দেশে অনুষ্ঠান সম্পন্ন হবে।
সুকান্ত সেনের বাড়ি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায়। উচ্চশিক্ষা ও চাকরির সূত্রে তিনি কয়েক বছর ধরে চীনে অবস্থান করছিলেন। ২০১৮ সালে কর্মসূত্রে সেখানে যাওয়ার পর চীনা নাগরিক ক্রিস হুইয়ের সঙ্গে তার পরিচয় হয়। পরিচয় থেকে বন্ধুত্ব, পরে তা গড়ায় প্রেমের সম্পর্কে। কয়েক বছর ধরে চলা সেই সম্পর্কের পর দুই পরিবারের সম্মতিতেই তারা বিয়ের সিদ্ধান্ত নেন।
বিজ্ঞাপন
বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে ক্রিস হুইয়ের মা-বাবা ও চাচাও বাংলাদেশে এসেছেন বলে পরিবার সূত্রে জানা গেছে। ইতোমধ্যে আত্মীয়স্বজন ও গ্রামবাসীকে নিমন্ত্রণ করা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করে দেশে আনুষ্ঠানিক নিবন্ধনের প্রস্তুতিও চলছে।
সুকান্ত সেন বলেন, “আমাদের সম্পর্ক দীর্ঘদিনের। দুই পরিবারের সম্মতিতেই আমরা বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। বাংলাদেশে এসে ক্রিস খুব খুশি। এখানকার পরিবেশ ও মানুষ তাকে মুগ্ধ করেছে।”
ক্রিস হুই জানান, “বাংলাদেশে এসে আমার খুব ভালো লাগছে। সুকান্তের পরিবার আমাকে আন্তরিকভাবে গ্রহণ করেছেন। এখানকার সংস্কৃতি জানতে ও মানিয়ে নিতে আগ্রহী আমি।”
বিজ্ঞাপন
স্থানীয়রা বলছেন, বিদেশি নাগরিককে বিয়ে করার নজির এলাকায় খুব একটা নেই। তাই বিষয়টি ঘিরে কৌতূহল তৈরি হয়েছে। তবে সবাই নবদম্পতির সুখী দাম্পত্য জীবন কামনা করছেন।








