ব্যানার টাঙিয়ে পাংশায় আ.লীগ কার্যালয় উদ্বোধনের ঘোষণা

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় ব্যানার ও জাতীয় পতাকা টাঙিয়ে দলীয় কার্যালয় উদ্বোধনের ঘোষণার ঘটনা সামনে আসছে। সেই ধারাবাহিকতায় এবার পাংশা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে ব্যানার টাঙিয়ে অফিস উদ্বোধনের ঘোষণা দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে রাজবাড়ী জেলার পাংশা পৌর শহরের টেম্পুস্ট্যান্ড এলাকায় অবস্থিত দলীয় কার্যালয়ের সামনে ঝুলন্ত একটি ব্যানার দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তবে ব্যানারটি কে বা কারা এবং কখন টাঙিয়েছে—সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, কার্যালয়ের বারান্দায় রশি দিয়ে ব্যানারটি ঝুলিয়ে রাখা হয়। ব্যানারে লেখা ছিল—“রাজবাড়ী জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য মিতুল হাকিমের নির্দেশনায় পাংশা উপজেলা সহ রাজবাড়ী জেলার প্রতিটি উপজেলায় আওয়ামী লীগের অফিস শুভ উদ্বোধনের ঘোষণা। আজ পাংশা উপজেলা আওয়ামী লীগের অফিস শুভ উদ্বোধন করা হলো।”
বিজ্ঞাপন
কার্যালয়ের পাশের এক চা দোকানি জানান, আগের রাত পর্যন্ত সেখানে কোনো ব্যানার ছিল না। সকালে দোকান খুলতে এসে তিনি ব্যানারটি দেখতে পান।
এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায়। তবে গিয়ে ব্যানারটি আর পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।








