ঈদের আগেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ড: ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু জানিয়েছেন, সরকারের ১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচির অংশ হিসেবে প্রাথমিকভাবে দেশের আটটি উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম চালু করা হবে। ঈদের আগেই এ কর্মসূচি শুরু করার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান তিনি।
বিজ্ঞাপন
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) লালমনিরহাটের গোকুণ্ডা বাজারে সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য দেন। মন্ত্রী হিসেবে নিজ জেলায় এটিই ছিল তার প্রথম সফর।
মন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহারে ঘোষিত ১৮০ দিনের বিশেষ প্যাকেজ বাস্তবায়নের জন্য মন্ত্রিসভায় ইতোমধ্যেই একাধিক বৈঠক হয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে প্রকৃত হতদরিদ্রদের চিহ্নিত করে ধাপে ধাপে সবাইকে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের আওতায় আনা হবে।
বিজ্ঞাপন
এছাড়া, রমজান ও ঈদকে সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, ইফতার ও সেহরিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করাই সরকারের প্রধান অগ্রাধিকার বলে তিনি উল্লেখ করেন।
উন্নয়ন কার্যক্রম নিয়ে মন্ত্রী বলেন, খাল খনন ও সংস্কারে একাধিক মন্ত্রণালয় যৌথভাবে কাজ করছে। পাশাপাশি, দেশের ২৫ কোটি গাছ রোপণের পরিকল্পনার অংশ হিসেবে চলতি বছরে ৫ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞাপন
সরকারের ঘোষিত অগ্রাধিকার কর্মসূচি দ্রুত বাস্তবায়নের মাধ্যমে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।








