চৌগাছায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সেনা সদস্য নিহত, আহত ৩

যশোরের চৌগাছা উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হুমায়ুন কবির রিপন (৪৫) নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
বিজ্ঞাপন
শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৫টা ৫৫ মিনিটে চৌগাছা-যশোর সড়কের আফরা গ্রামস্থ আফরা মোড় সংলগ্ন জামেনুর হাফিজিয়া মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হুমায়ুন কবির উপজেলার বাড়িয়ালী গ্রামের বাসিন্দা এবং যশোর ক্যান্টনমেন্ট-এ কর্মরত ছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, বিকেলে তিনি আউটপাস নিয়ে নিজের ব্যবহৃত পালসার ১৫০ সিসি মোটরসাইকেল (যশোর-ল-১৫-০৪৯৩)যোগে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি লাল রঙের টিভিএস মোটরসাইকেল (যশোর-হ-১৯-৯৯৬৭)-এর সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনায় অপর মোটরসাইকেলে থাকা তিন আরোহী—ভেকুটিয়া গ্রামের হাসান (৪০) ও রাহুল (২০) এবং রঘুনাথপুর গ্রামের তুহিন (৩৫)—গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে পাঠান।
বিজ্ঞাপন
খবর পেয়ে যশোর ক্যান্টনমেন্টের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে নিয়ে যান। দুর্ঘটনার পর এলাকায় সাময়িক উত্তেজনা সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
চৌগাছা থানার ওসি রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ক্যান্টনমেন্টের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ নিয়ে গেছে।








