দুমকিতে চুরির চেষ্টাকালে কিশোর আটক, থানা ঘেরাও করে ব্যবসায়ীদের বিক্ষোভ

দুমকি উপজেলার থানা ব্রিজ এলাকায় চুরির চেষ্টাকালে এক কিশোরকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত ব্যবসায়ী ও এলাকাবাসীর বিক্ষোভে একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে পুলিশ অতিরিক্ত ফোর্স নিয়ে এসে পরিস্থিতি সামাল দেয়।
বিজ্ঞাপন
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে একই এলাকায় এক রাতে সাতটি দোকানে চুরির ঘটনা ঘটে। ওই ঘটনার পর থেকেই ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছিল। এরই মধ্যে শুক্রবার রাতে থানা ব্রিজ সংলগ্ন একটি মুদি দোকানের টিনের বেড়া কেটে ভেতরে প্রবেশের চেষ্টা করে এক কিশোর। পাশের দোকানের এক ব্যবসায়ী শব্দ পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান। পরে আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে বন্ধ দোকানের তালা ভেঙে ভেতর থেকে তাকে আটক করেন।
আটক কিশোর আকাশ (১৩)। তার বাড়ি উপজেলার বাদশাবাড়ি গ্রামের হাওলাদার বাড়িতে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, ঘটনার সময় তার সঙ্গে নাহিদ নামে আরেকজন ছিল, যার বাড়ি লাউকাঠী আবাসন এলাকায়।
বিজ্ঞাপন
খবর ছড়িয়ে পড়লে সহস্রাধিক ব্যবসায়ী ও এলাকাবাসী ঘটনাস্থলে জড়ো হন। পূর্বের চুরির ঘটনার জেরে উত্তেজিত জনতা আটক কিশোরকে গণপিটুনি দেওয়ার চেষ্টা করলে উপস্থিত দুজন সংবাদকর্মী, ছাত্রদলের এক নেতাসহ কয়েকজন সচেতন ব্যক্তি তাকে রক্ষা করেন এবং পুলিশে খবর দেন।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিশ কিশোরটিকে থানায় নিয়ে গেলে বিক্ষুব্ধ ব্যবসায়ীরা থানা ফটকের সামনে জড়ো হয়ে স্লোগান দেন। পরিস্থিতি শান্ত করতে থানার মূল ফটক বন্ধ করে মাইকিংয়ের মাধ্যমে ওসি জনতাকে ধৈর্য ধরার আহ্বান জানান এবং জড়িত অন্যদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
বিজ্ঞাপন
ওসি সেলিম উদ্দিন বলেন, আটক কিশোরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না এবং পূর্বের চুরির ঘটনাগুলোর সঙ্গে সম্পৃক্ততা রয়েছে কি না তা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় ব্যবসায়ীরা দাবি করেন, এলাকায় একটি সংঘবদ্ধ চক্র সক্রিয় রয়েছে। দ্রুত তাদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না নিলে ব্যবসা পরিচালনা কঠিন হয়ে পড়বে। তারা রাতের নিরাপত্তা জোরদার ও পুলিশের নিয়মিত টহল বৃদ্ধির দাবি জানিয়েছেন।
ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।








