আমি সেবক, এমপি বাউফলের সাড়ে চার লক্ষ মানুষ : ড. শফিকুল ইসলাম

বিপুল ভোটে বিজয়ের পর বাউফল পাবলিক মাঠে আয়োজিত বিশাল শুকরিয়া সমাবেশ জনসমুদ্রে পরিণত হয়।
বিজ্ঞাপন
রবিবার (২২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন ড. শফিকুল ইসলাম মাসুদ, পটুয়াখালী-২ আসন-এর নবনির্বাচিত সংসদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি।
তিনি বলেন, “আমি আপনাদের সেবক। প্রকৃত এমপি হলেন বাউফলের সাড়ে চার লক্ষ মানুষ। আপনারা ব্যক্তি মাসুদকে নয়—ইনসাফ, চাঁদাবাজমুক্ত, মাদকমুক্ত ও দুর্নীতিমুক্ত বাউফল গড়ার পক্ষে ভোট দিয়েছেন।”
বিজ্ঞাপন
ড. মাসুদ আরও বলেন, ব্যক্তি হিসেবে তাকে পরাজিত করা সম্ভব হলেও বাউফলবাসীকে পরাজিত করা যাবে না। কোনো ষড়যন্ত্র জনগণের বিজয় ছিনিয়ে নিতে পারবে না বলেও তিনি মন্তব্য করেন।
উপজেলা আমির মাওলানা মো. ইসহাক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা আমির অ্যাডভোকেট নাজমুল হাসান, জেলা সেক্রেটারি শহিদুল্লাহ আল কায়সারী, সাবেক জেলা আমির ও গলাচিপা-দশমিনা আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক শাহ আলম, খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী আইয়ুব বিন মুসা, নির্বাচন পরিচালক আতিকুর রহমান নজরুল, প্রধান এজেন্ট অ্যাডভোকেট মমতাজির মুজাহিদ এবং এনসিপি নেতা মো. জাকির হোসেন।
সমাবেশে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, সুধীজন ও প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। নবনির্বাচিত এমপি ড. শফিকুল ইসলাম মাসুদকে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
বিজ্ঞাপন
বাউফলবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, “অনেকে আমার জন্য দোয়া করেছেন, রোজা রেখেছেন, হামলা-মামলার শিকার হয়েছেন—তবুও বিজয় ছিনিয়ে এনেছেন। আল্লাহ আমাদের নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছেন।”
তিনি অভিযোগ করেন, বিভিন্ন ঘটনাকে বিকৃতভাবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রচার করা হচ্ছে। তবে জনগণ এসব অপপ্রচারে বিভ্রান্ত হবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, সঠিক তথ্য তুলে ধরতে হবে।
বিজ্ঞাপন
ইশতেহারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে ড. মাসুদ জানান, ৬০ দিনের মধ্যে মাদক এবং ৯০ দিনের মধ্যে দুর্নীতি নির্মূলে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। ইতোমধ্যে পুলিশ ও উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।








