বেনাপোলের বলফিল্ড মাঠ ঈদগাহে রূপান্তর উদ্যোগ স্থগিতের দাবি

যশোরের বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষী ঐতিহ্যবাহী ‘বলফিল্ড’ মাঠটিকে ঈদগাহে রূপান্তরের উদ্যোগ স্থগিতের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও শিক্ষার্থীরা।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে বেনাপোল বিএনপি কার্যালয়-এ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি উত্থাপন করা হয়।
সংবাদ সম্মেলনে আবু তাহের মো. মোস্তাফিজ্জোহা বলেন, বেনাপোল স্থলবন্দর থেকে সরকার বিপুল রাজস্ব পেলেও এলাকায় এখনো আধুনিক হাসপাতাল বা বিনোদনের জন্য কোনো পাবলিক পার্ক গড়ে ওঠেনি। বিদ্যালয়ের ‘বলফিল্ড’ মাঠটিই শিক্ষার্থী ও যুবসমাজের খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা এবং বিভিন্ন জাতীয় দিবস উদযাপনের একমাত্র কেন্দ্র। একটি ‘কুচক্রী মহলের’ প্ররোচনায় প্রশাসনকে ভুল বুঝিয়ে মাঠটিকে ঈদগাহে রূপান্তরের প্রক্রিয়া চলছে বলে অভিযোগ করেন তারা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এসিল্যান্ড বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে বলেও জানান তিনি।
বিজ্ঞাপন
এদিকে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করলে শার্শা উপজেলা নির্বাহী অফিস-এর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ এক ফেসবুক পোস্টে জানান, বিষয়টি এখনো প্রস্তাব পর্যায়ে রয়েছে। আগামী ২ মার্চ শিক্ষার্থী, স্থানীয় বাসিন্দা ও সাংবাদিকদের সঙ্গে আলোচনা সাপেক্ষে সবার মতামতের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন। মাঠের ঐতিহ্য রক্ষায় কাউকে বিভ্রান্ত না হওয়ারও আহ্বান জানান তিনি।








