চট্টগ্রামের রাউজানে গুলিতে যুবদল কর্মী নিহত

চট্টগ্রামের রাউজান উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে মো. মুজিব (৬০) নামে এক যুবদল কর্মীর মৃত্যু হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার অলি মিয়া হাট এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের তথ্য অনুযায়ী, মুজিব এলাকায় সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।
বিজ্ঞাপন
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ইফতারের পর অলি মিয়া হাটের একটি চায়ের দোকানে কয়েকজনের সঙ্গে বসেছিলেন মুজিব। কিছুক্ষণ পর তিনি দোকান থেকে বের হয়ে সড়কের দিকে গেলে আগে থেকে ওঁত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তার কপাল, বুক ও পেটে একাধিক গুলি লাগে। গুলির শব্দে বাজারজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলাকারীরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুল ইসলাম জানান, ঘটনাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কি না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।








