Logo

পাবনায় ৩টি আসনে বিএনপির পরাজয় হাবিবকে দায়ী করে জেলা কমিটি বিলুপ্তির দাবি

profile picture
জেলা প্রতিনিধি
পাবনা
৭ মার্চ, ২০২৬, ১৯:৩৪
পাবনায় ৩টি আসনে বিএনপির পরাজয় হাবিবকে দায়ী করে জেলা কমিটি বিলুপ্তির দাবি
ছবি: প্রতিনিধি

পাবনার পাঁচটি সংসদীয় আসনের মধ্যে তিনটিতে বিএনপির পরাজয়ের জন্য জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব-কে দায়ী করেছেন দলটির সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সরদার।

বিজ্ঞাপন

একইসঙ্গে বর্তমান জেলা কমিটি বিলুপ্ত করে ত্যাগী নেতাকর্মীদের নিয়ে নতুন কমিটি গঠনের জন্য কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি জোর দাবি জানিয়েছেন তিনি।

শনিবার (৭ মার্চ) বিকেলে পাবনার পাকশী এলাকায় নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ ও দাবি উত্থাপন করেন।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে সিরাজুল ইসলাম সরদার বলেন, জেলা বিএনপির দায়িত্ব নেওয়ার পর থেকে হাবিবুর রহমান হাবিব তৃণমূলের ‘চেইন অব কমান্ড’ ধ্বংস করেছেন। তিনি অভিযোগ করেন, হাবিবুর রহমান ‘পকেট কমিটি’ গঠন করে ত্যাগী নেতাদের কোণঠাসা করেছেন। তার সৃষ্টি করা অভ্যন্তরীণ কোন্দলের কারণেই নিশ্চিত জয়ের সম্ভাবনা থাকা পাঁচটি আসনের মধ্যে তিনটিতে বিএনপি পরাজিত হয়েছে। এমনকি তিনি নিজেও পাবনা-৪ আসনে দলের বিভক্তির কারণে হেরে গেছেন বলে দাবি করেন।

লিখিত বক্তব্যে সিরাজুল ইসলাম সরদার আরও বলেন, হাবিবুর রহমান হাবিবের অতীত রাজনৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন রয়েছে। তার দাবি, হাবিবুর রহমান আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং ১৯৯১ সালে নৌকা প্রতীক নিয়ে ধানের শীষের প্রার্থীর কাছে পরাজিত হয়েছিলেন।

বিজ্ঞাপন

তিনি আরও অভিযোগ করেন, সাম্প্রতিক সময় ঈশ্বরদী ও আশপাশের এলাকায় অবৈধ বালুমহাল দখল, চাঁদাবাজি এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে হাবিবুর রহমানের অনুসারীরা জড়িত। এসব কারণে জনগণের কাছে তিনি প্রত্যাখ্যাত হয়েছেন বলেও দাবি করেন সাবেক এই সংসদ সদস্য।

এসব অভিযোগের বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

তবে জেলা বিএনপির সদস্য সচিব মাসুদ খন্দকার বলেন, “বিদ্রোহী প্রার্থী থাকার কারণেই পাবনা-৩ ও পাবনা-৪ আসনে বিএনপি প্রার্থীরা পরাজিত হয়েছেন। হাইকমান্ডের নির্দেশ অমান্য করায় বিদ্রোহী প্রার্থীদের ইতোমধ্যে বহিষ্কার করা হয়েছে।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, সিরাজুল ইসলাম সরদারের বক্তব্য তার ব্যক্তিগত মতামত; এ বিষয়ে দলের কোনো আনুষ্ঠানিক বক্তব্য নেই।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD