টেকনাফে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বন্দি নারী, পুরুষ ও শিশুসহ ৩২ জন উদ্ধার

কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা ৩২ জন নারী, পুরুষ ও শিশুকে উদ্ধার করেছে কোস্টগার্ড ও র্যাবের যৌথ অভিযান। উদ্ধারকৃতদের মধ্যে ২১ জন বাংলাদেশি এবং ১১ জন রোহিঙ্গা।
বিজ্ঞাপন
উদ্ধারকৃত বাংলাদেশিরা সবাই পুরুষ। রোহিঙ্গাদের মধ্যে রয়েছে ৬ জন পুরুষ, ২ জন নারী এবং ৩ জন শিশু।
কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাহারছড়ার ইউনিয়নের নোয়াখালি জুম্মাপাড়া এলাকার মানবপাচারকারী চক্রের সদস্য মো. আব্দুল আলীর পেঁপে বাগানে অভিযান চালানো হয়। অভিযানে তল্লাশি চালিয়ে পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী, পুরুষ ও শিশুসহ ৩২ জনকে উদ্ধার করা হয়। এসময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজ্ঞাপন
উদ্ধারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনযাপনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরি এবং কম খরচে বিদেশ যাত্রার প্রলোভন দেখিয়ে কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গাদের মালয়েশিয়ায় পাচারের পরিকল্পনা করছিল।
উদ্ধারকৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।








