গাজীপুরে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটায় ৬ জনের কারাদণ্ড

গাজীপুরে অবৈধভাবে কৃষিজমির উপরিভাগের মাটি কাটার দায়ে ৬ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বিজ্ঞাপন
রবিবার (৮ মার্চ) দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের কারখানা বাজার, কাউলতিয়া এবং সদর উপজেলার পিরুজালী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গাজীপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈন খান এলিস বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩)-এর ১৫(১) ধারায় প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন— নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার বিকুনিয়া এলাকার আবুল কাশেমের ছেলে আনোয়ার, গাজীপুর সদর উপজেলার পিরুজালী এলাকার আজহারুলের ছেলে অনিক, একই এলাকার আছানের ছেলে তারেক, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঠাকুরপাড়া এলাকার আলাল উদ্দিনের ছেলে জামাল, পলাশতলী এলাকার আনিস উদ্দিনের ছেলে এমদাদুল হক এবং পিরুজালী এলাকার মো. আলীর ছেলে রিয়াজ।
বিজ্ঞাপন
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এসব এলাকায় অবৈধভাবে কৃষিজমির উপরিভাগের মাটি কেটে বিক্রি করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে তাদের আটক করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মঈন খান এলিস বলেন, জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কৃষিজমির মাটি কাটা আইনত দণ্ডনীয় অপরাধ। কৃষিজমির উর্বরতা রক্ষা এবং অবৈধভাবে মাটি কাটা বন্ধে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।








