Logo

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে অবৈধ মাটি কাটায় ৩ লাখ টাকা জরিমানা

profile picture
জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ
৯ মার্চ, ২০২৬, ১২:২৬
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে অবৈধ মাটি কাটায় ৩ লাখ টাকা জরিমানা
ছবি: প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নে পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন ও পরিবহনের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ লাখ টাকা জরিমানা এবং একজনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (৯ মার্চ) মধ্যরাতে ইসলামপুর ইউনিয়নের ভবানীপুর এলাকায় বিএমএইচ ব্রিকস (হিরো ইটভাটা)-এর সামনে এই অভিযান পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল হক নাহিদ।

জানা গেছে, পদ্মা নদীর ৬, ৭ ও ৮ নম্বর স্পার বাঁধ এলাকা থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন অভিযান চালায়। অভিযানের খবর পেয়ে মাটি উত্তোলনের সঙ্গে জড়িতরা পালিয়ে যায়। তবে মাটি পরিবহনের সময় ভবানীপুর এলাকায় একটি মাটিভর্তি ট্রাক্টরসহ সাকিব রানা (১৯) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

বিজ্ঞাপন

আটক সাকিব রানাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, পদ্মা নদীর ৮ নম্বর স্পার বাঁধ এলাকা থেকে মাটি উত্তোলন করে বিএমএইচ ব্রিকস (হিরো ইটভাটা)-এ পরিবহন করছিলেন। বিষয়টি ইটভাটার ম্যানেজার আলহাজ্ব এনামুল হক (৬১) স্বীকার করেন।

পরে ভ্রাম্যমাণ আদালত সাকিব রানাকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর ১৫ ধারায় ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ ধারায় আরও ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করেন। ফলে তাকে মোট ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া ইটভাটার ম্যানেজার আলহাজ্ব এনামুল হককে ১ লাখ টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

বিজ্ঞাপন

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন বলেন, নদী ও পরিবেশ রক্ষায় সরকারের কঠোর অবস্থানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি কাটার কারণে নদীভাঙন ও পরিবেশের ক্ষতি হচ্ছিল। প্রশাসনের এমন অভিযানে তারা স্বস্তি প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD