শ্রীপুরে বিয়ের একদিন পর নারী পোশাককর্মীর আত্মহত্যা, স্বামী পলাতক

গাজীপুরের শ্রীপুরে বিয়ের একদিন পর ভাড়া বাসা থেকে জোছনা আক্তার (৩৪) নামে এক নারী পোশাককর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে তার স্বামী ইয়াসিন পলাতক রয়েছেন।
বিজ্ঞাপন
রবিবার (৮ মার্চ) বিকেলে শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি গ্রামের রফিকুল ইসলামের বাড়ির একটি ভাড়া বাসা থেকে ঘরের দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করে শ্রীপুর থানা পুলিশ।
নিহত জোছনা আক্তার নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার মহিষবের গ্রামের সাইদুর রহমানের মেয়ে। তিনি শ্রীপুর উপজেলার একটি পোশাক কারখানায় চাকরি করতেন।
বিজ্ঞাপন
নিহতের বাবা সাইদুর রহমান জানান, জোছনা প্রথম স্বামীকে কিছুদিন আগে ডিভোর্স দেন। এরপর গত শনিবার ইয়াসিন নামের এক ব্যক্তিকে বিয়ে করেন। বিকেল তিনটার দিকে তিনি খবর পান যে তার মেয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। ঘটনাস্থলে গিয়ে তিনি মেয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পান, তবে দ্বিতীয় স্বামী ইয়াসিনকে পাওয়া যায়নি। পরে পুলিশ এসে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দা ছমির উদ্দিন জানান, জোছনা স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। তার দ্বিতীয় স্বামী ইয়াসিন ‘আমান টেক্স’ নামে একটি কারখানায় কাজ করতেন। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি জানার পর ইয়াসিনের স্ত্রী তাকে ফেরানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে ইয়াসিন ও জোছনা গোপনে বিয়ে করেন। শনিবার রাতে তারা একসঙ্গে ছিলেন। রোববার সকাল সাতটার দিকে ইয়াসিন কর্মস্থলে চলে যান। দিনের কোনো এক সময় জোছনা সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন: ঝিকরগাছায় আন্তর্জাতিক নারী দিবস পালিত
বিজ্ঞাপন
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. রেজাউল করিম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।








