চাঁপাইনবাবগঞ্জে পরকীয়ার সালিশ ঘিরে সংঘর্ষে নিহত ১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকায় পরকীয়া সম্পর্কের জেরে সালিশ বৈঠককে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আনিসুর রহমান (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত চারজন আহত হয়েছেন।
বিজ্ঞাপন
রবিবার (৮ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে শিবগঞ্জ পৌর এলাকার কোর্টবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আনিসুর রহমান শিবগঞ্জ পৌরসভার দেওয়ান জাইগীর গ্রামের মৃত জাফর আলী মিস্ত্রির ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতের ছেলে আব্দুল আওয়ালের সঙ্গে একই এলাকার কেতাবুল আলীর মেয়ে সাহিদা খাতুনের পরকীয়া সম্পর্ক ছিল বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে উভয় পক্ষের অভিভাবক ও স্থানীয়দের উদ্যোগে একাধিকবার সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
রোববার রাতেও বিষয়টি মীমাংসার জন্য দুই পক্ষ সালিশে বসেন। তবে দীর্ঘ আলোচনা সত্ত্বেও কোনো সমাধান না হওয়ায় আনিসুর রহমান ও তার সঙ্গে থাকা লোকজন বাড়ির উদ্দেশে রওনা দেন। এ সময় সাহিদা খাতুনের পরিবারের সদস্যরা তাদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।
হামলার মুখে অপরপক্ষ প্রতিরোধের চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে লাঠির আঘাতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই আনিসুর রহমান মারা যান। এ ঘটনায় উভয় পক্ষের আরও চারজন আহত হয়েছেন।
বিজ্ঞাপন
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ন কবির জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত পরিবারের সদস্যরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।








