Logo

ছাগল ধরে থানায় দিলেন কৃষক

profile picture
জেলা প্রতিনিধি
পটুয়াখালী
৯ মার্চ, ২০২৬, ১৬:৪৬
ছাগল ধরে থানায় দিলেন কৃষক
ছবি: প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় প্রতিবেশীর পালিত গবাদিপশুর যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে একটি ছাগল ধরে থানায় দিয়েছেন এক কৃষক। রবিবার (৮ মার্চ) দুপুর আড়াইটার দিকে মোটরসাইকেলে করে কোলে একটি ছাগল নিয়ে কলাপাড়া থানায় হাজির হন ভুক্তভোগী কৃষক আলাউদ্দিন হাওলাদার।

বিজ্ঞাপন

পরে তিনি প্রতিবেশী রফিক হাওলাদারের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন এবং ছাগলটি থানায় জমা দেন। ঘটনাটি প্রথমে হাস্যকর মনে হলেও পরে জানা যায়, প্রতিবেশীর গবাদিপশুর কারণে তিনি দীর্ঘদিন ধরে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন।

উপজেলার টিয়াখালী ইউনিয়নের টিয়াখালী গ্রামের প্রান্তিক কৃষক ও খামারি আলাউদ্দিন হাওলাদার চলতি মৌসুমে বেশ কিছু জমিতে রবিশস্যের আবাদ করেছেন। তবে অভিযোগ রয়েছে, প্রতিবেশী রফিক হাওলাদারের পালিত গরু, ভেড়া ও ছাগল প্রায়ই তার খেতে ঢুকে ফসল নষ্ট করে দেয়।

বিজ্ঞাপন

আলাউদ্দিন হাওলাদার জানান, গত শনিবার দুপুরে এক পাল ভেড়া ও ছাগল তার তরমুজ ক্ষেতে ঢুকে প্রায় ৩০ শতক জমির ফসল নষ্ট করে দেয়। এছাড়া গত এক মাস ধরে প্রতিবেশীর এসব গবাদিপশু তার বিভিন্ন ফসলের ক্ষতি করে আসছে।

তিনি আরও বলেন, এ বিষয়ে প্রতিবেশী রফিক হাওলাদারকে একাধিকবার জানালেও তিনি কোনো ব্যবস্থা নেননি। বাধ্য হয়ে শনিবার একটি ছাগল আটক করেন তিনি। পরে কয়েকবার খবর দিলেও ছাগল নিতে কেউ আসেননি। তাই বিষয়টির সমাধান পেতে রোববার ছাগলটি নিয়ে থানায় আসেন।

ভুক্তভোগী কৃষকের দাবি, প্রতিবেশীর গবাদিপশুর কারণে তার অন্তত দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে কলাপাড়া থানার উপপরিদর্শক (এসআই) রাসেল বলেন, অভিযোগ পাওয়ার পর রফিক হাওলাদারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়েছে, তবে তিনি সাড়া দেননি। থানায় পশু রাখার ব্যবস্থা না থাকায় স্থানীয় গ্রাম পুলিশের মাধ্যমে ছাগলটি আলাউদ্দিনের জিম্মাতেই রাখা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD