Logo

জঙ্গল সলিমপুর প্রশাসনের নিয়ন্ত্রণে বসছে র‍্যাব-পুলিশ ক্যাম্প

profile picture
জেলা প্রতিনিধি
চট্টগ্রাম
৯ মার্চ, ২০২৬, ১৬:৪৯
জঙ্গল সলিমপুর প্রশাসনের নিয়ন্ত্রণে বসছে র‍্যাব-পুলিশ ক্যাম্প
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার দুর্গম জঙ্গল সলিমপুর এলাকায় প্রশাসনের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করেছে পুলিশ। একই সঙ্গে এলাকাটিতে নিরাপত্তা জোরদার করতে র‍্যাব ও পুলিশের দুটি স্থায়ী ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (৯ মার্চ) দুপুরে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আহসান হাবীব পলাশ এ তথ্য জানান।

তিনি বলেন, ভোর থেকে যৌথবাহিনী এলাকায় অভিযান চালাচ্ছে। র‍্যাব, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও এপিবিএনের মোট প্রায় ৩ হাজার ২০০ সদস্য এতে অংশ নিয়েছেন। অভিযানের মূল লক্ষ্য ছিল বিশাল এই এলাকায় প্রশাসনিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা এবং তা অর্জন করা সম্ভব হয়েছে বলে দাবি করেন তিনি।

বিজ্ঞাপন

তবে অভিযানের সময় জঙ্গল সলিমপুর ও আলীনগর এলাকার ‘ইয়াসিন বাহিনী’র প্রধান মো. ইয়াসিন পালিয়ে গেছেন বলে জানান ডিআইজি। তাকে এখনো গ্রেপ্তার করা যায়নি।

অভিযানে কিছু অস্ত্র উদ্ধার এবং প্রায় ১৫ জনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি। তবে এলাকার অনেক স্থানে মোবাইল নেটওয়ার্ক না থাকায় এখনো সুনির্দিষ্ট তথ্য সংগ্রহ করা সম্ভব হয়নি বলে উল্লেখ করেন।

বিজ্ঞাপন

অন্যদিকে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ডা. জিয়াউদ্দীন বলেন, এলাকাটিতে এখন প্রশাসনিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে। সরকার আগে থেকেই এই অঞ্চলকে ঘিরে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছিল, এখন তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

ডিআইজি আহসান হাবীব পলাশ আরও বলেন, পাহাড়ি ও দুর্গম এই এলাকায় স্থাপিত ক্যাম্পগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন অনুযায়ী ভারী অস্ত্র মোতায়েন করা হবে। এর মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD