Logo

বগুড়ার শেরপুরে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন জিএম সিরাজ

profile picture
উপজেলা প্রতিনিধি
শেরপুর, বগুড়া
১০ মার্চ, ২০২৬, ১৯:২১
বগুড়ার শেরপুরে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন জিএম সিরাজ
ছবি: সংগৃহীত

বগুড়ার শেরপুর উপজেলায় বাগড়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে বগুড়া–৫ (শেরপুর–ধুনট) আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন।

বিজ্ঞাপন

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বগুড়ার বাস্তবায়নে ২০২৫–২০২৬ অর্থবছরে বাগড়া খালের ১ দশমিক ১৭০ কিলোমিটার অংশ পুনঃখনন করা হবে। প্রাথমিকভাবে প্রায় ২৮ লাখ টাকা ব্যয়ে এ প্রকল্পের কাজ শুরু হয়েছে।

পাউবো সূত্রে জানা যায়, খালটির প্রস্থ প্রায় ১ দশমিক ৫ মিটার এবং গভীরতা ৭ থেকে ৮ ফুট নির্ধারণ করা হয়েছে। বাগড়া খালটি ভাদাই নদী থেকে উৎপত্তি হয়ে চোটির বিল অতিক্রম করে করতোয়া নদীতে গিয়ে মিশেছে।

বিজ্ঞাপন

সংশ্লিষ্টরা জানান, পর্যায়ক্রমে আরও প্রায় ২০ কিলোমিটার খাল খননের মাধ্যমে নদীর সঙ্গে সংযোগ স্থাপন করা হবে। শেরপুর উপজেলায় মোট প্রায় ৮০ কিলোমিটার খাল পুনঃখননের পরিকল্পনাও রয়েছে। পাশাপাশি খালের পাশ দিয়ে একটি ওয়াকওয়ে নির্মাণের প্রস্তাবও দেওয়া হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ বলেন, ১৯৭৯ সালে তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বগুড়ার শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের চোটির বিল এলাকার গোসাইবাড়ি বটতলা কুরাতলা সাঁকো এলাকায় হেলিকপ্টারে এসে নিজ হাতে কোদাল দিয়ে এই খাল খননের সূচনা করেছিলেন।

তিনি বলেন, সেই উদ্যোগের ধারাবাহিকতায় আজ তার সুযোগ্য পুত্র প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে পুনরায় খালটি খননের কাজ শুরু হয়েছে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সদস্য মাহবুবুর রহমান হারেজ এবং শেরপুরের সাবেক পৌর মেয়র ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি জানে আলম খোকা।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আরিফুল ইসলাম, শেরপুর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, বগুড়া জেলা ও শেরপুর উপজেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য আসিফ সিরাজ রব্বানী, শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD