Logo

নাভারণের শত বছরের ঐতিহ্যবাহী পশুহাট চালুর প্রস্তুতি

profile picture
উপজেলা প্রতিনিধি
শার্শা, যশোর
১০ মার্চ, ২০২৬, ২২:৫৭
নাভারণের শত বছরের ঐতিহ্যবাহী পশুহাট চালুর প্রস্তুতি
ছবি: প্রতিনিধি

যশোরের শার্শা উপজেলার নাভারণের প্রায় ১০০ বছরের পুরোনো ও ঐতিহ্যবাহী পশুহাটটি দীর্ঘ প্রতীক্ষার পর পুনরায় চালু হতে যাচ্ছে।

বিজ্ঞাপন

আগামীকাল বুধবার (১০ মার্চ) থেকে আনুষ্ঠানিকভাবে এই হাটের কার্যক্রম শুরু হবে। হাটটি পুনরায় সচল করা উপলক্ষে আজ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রস্তুতি সভায় শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, "নাভারণ পশুহাট এক সময় এই অঞ্চলের অর্থনীতির প্রাণকেন্দ্র ছিল। কিন্তু বিগত আওয়ামী লীগ সরকারের আমলে চাঁদাবাজি, অনিয়ম ও রাহাজানির কারণে ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে হাটটি বন্ধ করে দিতে বাধ্য হন। আমরা ব্যবসায়ীদের স্বার্থ ও এলাকার ঐতিহ্য রক্ষায় পূর্ণ নিরাপত্তার নিশ্চয়তা দিয়ে পুনরায় এই হাট চালু করছি।"

তিনি আরও জানান, হাটে আগত ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তায় বিশেষ স্বেচ্ছাসেবক দল কাজ করবে এবং কোনো প্রকার হয়রানি বা অবৈধ চাঁদাবাজি বরদাশত করা হবে না।

বিজ্ঞাপন

হাট পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, হাটে গরু বিক্রির ক্ষেত্রে ক্ষেতয়ালদের কাছ থেকে প্রতি গরুতে ৫০০ টাকা এবং ব্যাপারিদের কাছ থেকে ৩০০ টাকা করে খাজনা নেওয়া হবে। এছাড়া ছাগলের ক্ষেত্রে ক্ষেতয়ালদের কাছ থেকে ১৫০ টাকা এবং ব্যাপারিদের কাছ থেকে ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আয়োজকরা জানিয়েছেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যবসায়ীদের জন্য থাকার সুব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। এছাড়া পশু পরিবহনের জন্য প্রয়োজনীয় ট্রাক ও অন্যান্য যানবাহনের সহজলভ্যতা নিশ্চিত করতে স্থানীয় পরিবহন মালিকদের সাথেও সমন্বয় করা হয়েছে।

মতবিনিময় সভায় উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষকদল ও ওলামাদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্থানীয় ব্যবসায়ীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেছেন যে, এর মাধ্যমে এলাকায় পুনরায় ব্যবসায়িক চাঞ্চল্য ফিরে আসবে।

জেবি/এসআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD