Logo

উল্টে গেল কাভার্ডভ্যান, ঝরতে থাকা ডিজেল নিতে স্থানীয়দের ভিড়

profile picture
জেলা প্রতিনিধি
টাঙ্গাইল
১২ মার্চ, ২০২৬, ১৫:৪২
উল্টে গেল কাভার্ডভ্যান, ঝরতে থাকা ডিজেল নিতে স্থানীয়দের ভিড়
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের মির্জাপুরে একটি তেলবাহী কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর গাড়ির ট্যাংক থেকে ঝরতে থাকা ডিজেল বালতি, পলিথিন ও অন্যান্য পাত্রে তুলে নেওয়ার চেষ্টা করেছেন স্থানীয়রা।

বিজ্ঞাপন

ঘটনা ঘটেছে বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের শুভুল্যা সেতুর পশ্চিম পাশে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্যানুযায়ী, উত্তরাঞ্চলগামী সিরাজুল মটরসের কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় আড়াআড়িভাবে উল্টে যায়। গাড়ির সামনের অংশ সড়ক বিভাজকের ওপর উঠে যায় এবং সামনের দিক ভেঙে যায়। তেলের ট্যাংক মুচড়ে গিয়ে এক পাশে ছিদ্র সৃষ্টি হয়, যেখান থেকে ডিজেল পড়তে শুরু করে। তবে দুর্ঘটনায় কেউ হতাহত হননি। চালক ও সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে ঝরতে থাকা ডিজেল সংগ্রহের চেষ্টা করেন। শুভুল্যা গ্রামের বাসচালক রুবেল মিয়া লৌহদণ্ড দিয়ে ট্যাংকের মুচড়ে যাওয়া অংশ সোজা করার চেষ্টা করেন এবং সাবান ব্যবহার করে তেল পড়া বন্ধ করার প্রাথমিক চেষ্টা করেন। কিছুটা সফলতা পাওয়া যায়।

বিজ্ঞাপন

দুর্ঘটনার কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ওই অংশে কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে। পরে সার্ভিস লেন দিয়ে যানবাহন চলাচল শুরু হলেও শুভুল্যা থেকে ইচাইল পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়।

মির্জাপুর গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল সারোয়ার জানান, দুর্ঘটনাগ্রস্ত কাভার্ডভ্যানটি রেকার দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে এবং বর্তমানে যানচলাচল স্বাভাবিক। কোনো ব্যক্তি আহত হননি, এবং চালক ও তার সহকারী এখনও পলাতক।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD