Logo

অপতথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান মৌলভীবাজার জেলা প্রশাসকের

profile picture
জেলা প্রতিনিধি
মৌলভীবাজার
১২ মার্চ, ২০২৬, ১৯:৩৭
অপতথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান মৌলভীবাজার জেলা প্রশাসকের
ছবি প্রতিনিধি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি তৈরি না করার আহ্বান জানিয়েছেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো. তৌহিদুজ্জামান পাভেল। একই সঙ্গে এ ধরনের কোনো তথ্য প্রচার বা শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করার জন্য সকলের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে জেলা প্রশাসক মো. তৌহিদুজ্জামান পাভেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে পবিত্র রমজান মাস উপলক্ষে মৌলভীবাজার জেলায় উপহার হিসেবে প্রাপ্ত সৌদি খেজুর বরাদ্দ সংক্রান্ত বিভিন্ন ধরণের বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য এবং ফটোকার্ড প্রচার করা হচ্ছে যা সম্পূর্ণরূপে অসত্য এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, জেলার সাতটি উপজেলার মধ্যে মৌলভীবাজার সদর উপজেলায় ২৬ কার্টুন, কুলাউড়া উপজেলায় ২৮ কার্টুন, শ্রীমঙ্গল উপজেলায় ২০ কার্টুন, বড়লেখা উপজেলায় ২২ কার্টুন, কমলগঞ্জ উপজেলায় ২০ কার্টুন, রাজনগর উপজেলায় ১৬ কার্টুন এবং জুড়ী উপজেলায় ১২ কার্টুন খেজুর বরাদ্দ দেওয়া হয়েছে। সবমিলিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের অনুকূলে মোট ১৪৪ কার্টুন খেজুর উপবরাদ্দ করা হয়।

এছাড়া অবশিষ্ট ২৬ কার্টুন খেজুর জেলার বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা ও সামাজিক প্রতিষ্ঠানে বিতরণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

জেলা প্রশাসক মো. তৌহিদুজ্জামান পাভেল বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার বা শেয়ার করা উচিত নয়। এতে অপ্রয়োজনীয় বিভ্রান্তি সৃষ্টি হয়। তাই সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানাচ্ছি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “অপতথ্য বা গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি তৈরি করা থেকে বিরত থাকতে হবে। সঠিক তথ্য জানার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সূত্র অনুসরণ করার অনুরোধ করছি।

জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

জেলা প্রশাসক সকলকে এ ধরণের বিভ্রান্তিকর তথ্য প্রচার বা শেয়ার করার পূর্বে তার সত্যতা যাচাই করার জন্য বিশেষভাবে আহ্বান জানান।

একই সাথে অপতথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি অনুরোধ জানান তিনি।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD