নরসিংদীতে প্রতিবেশীর ভবনের ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার

নরসিংদীর রায়পুরা উপজেলায় এক দিন ধরে নিখোঁজ থাকা আবদুর রহমান (৬) নামে শিশুর মরদেহ তার প্রতিবেশীর নির্মাণাধীন ভবনের ছাদ থেকে উদ্ধার করা হয়েছে। ঘটনা ঘটে রবিবার (১৫ মার্চ) সকালে মরজাল ইউনিয়নের চর-মরজাল গ্রামে।
বিজ্ঞাপন
নিহত শিশুটি মরজাল ইউনিয়নের চর-মরজাল গ্রামের মালয়েশিয়া প্রবাসী শক্কুর আলীর ছেলে। পরিবারের বরাত দিয়ে জানা যায়, শনিবার (১৪ মার্চ) সকালে আবদুর রহমান মায়ের কাছ থেকে কিছু টাকা নিয়ে দোকানে মজা কিনতে বের হয়। এরপর থেকে তার আর কোনো খোঁজ মেলেনি। অনেক খোঁজাখুঁজির পরও শিশুটির সন্ধান না পাওয়ায় পরিবারের পক্ষ থেকে রায়পুরা থানায় সাধারণ ডায়েরি করা হয়।
রবিবার (১৫ মার্চ) সকালে প্রতিবেশী ইদ্রিস মিয়া তার নির্মাণাধীন বাড়ির ছাদে পানি দিতে গিয়ে সেখানে শিশুর মরদেহ দেখতে পান। পরে তিনি বিষয়টি আশপাশের লোকজন ও পরিবারের সদস্যদের জানান। থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
বিজ্ঞাপন
নিহতের মা বলেন, আজ সকালে প্রতিবেশীর ছাদে আমার ছেলে আবদুর রহমানকে মৃত অবস্থায় দেখলাম। আমাদের কোনো শত্রু নেই। আমার ছেলে হত্যার বিচার চাই।
রায়পুরা থানার ওসি (তদন্ত) প্রবীর কুমার ঘোষ জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। মরদেহের সুরতাল রিপোর্ট তৈরি করা হচ্ছে। শিশুর গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।








