Logo

যশোরে ৫২ বোতল বিদেশি মদসহ আবাসিক হোটেলের ম্যানেজার গ্রেপ্তার

profile picture
বিশেষ প্রতিবেদক
যশোর
১৫ মার্চ, ২০২৬, ১৭:১২
যশোরে ৫২ বোতল বিদেশি মদসহ আবাসিক হোটেলের ম্যানেজার গ্রেপ্তার
ছবি: প্রতিনিধি

যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক ঝটিকা অভিযানে ৫২ বোতল বিদেশি মদসহ মো. হেদায়েত সিকদার (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার (১৫ মার্চ) সকালে শহরের শেখহাটি খাঁপাড়া ও বাবু বাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

আটক হেদায়েত সিকদার যশোর কোতয়ালী মডেল থানার শেখহাটি খাঁপাড়া এলাকার সাহেব আলী সিকদারের ছেলে। তিনি শহরের বাবু বাজার ঝালাইপট্টি এলাকার ‘হোটেল পলাশ আবাসিক’-এ ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকাল সাড়ে ৭টা থেকে ৯টা পর্যন্ত টানা দেড় ঘণ্টা এই অভিযান চালানো হয়। প্রথমে শেখহাটি খাঁপাড়ায় হেদায়েতের নিজ বসতঘরে এবং পরবর্তীতে তার কর্মস্থল ‘হোটেল পলাশ আবাসিক’-এ তল্লাশি চালানো হয়। অভিযানে বিভিন্ন নামী ব্র্যান্ডের মোট ৫২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

অভিযান শেষে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ এবং অভিযুক্ত হেদায়েত সিকদারকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে যশোর কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

বিজ্ঞাপন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকমুক্ত সমাজ গড়তে তাদের এই ধরনের চিরুনি অভিযান অব্যাহত থাকবে। মাদক কেনাবেচা বা মজুতের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেবি/এসআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD