মির্জাপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৮ জনের বিরুদ্ধে মামলা

টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধভাবে নদীর তীর ও ফসলি জমির মাটি কেটে বিক্রির দায়ে ৪টি ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা বাদী হয়ে পৃথকভাবে বিএনপি নেতাসহ ৮ জনকে বিবাদী করে মির্জাপুর থানায় মামলা করেছেন।
বিজ্ঞাপন
মামলায় অভিযুক্তরা হলেন, ভাতগ্রাম ইউনিয়নের চুয়াত্তর গ্রামের ওয়াজ উদ্দিনের ছেলে উপজেলা বিএনপির সদস্য ইব্রাহীম মিয়া, গোড়াই ইউনিয়নের মীর দেওহাটা গ্রামের সারোয়ার হোসেন ও মনির হোসেন, ছলিমনগর গ্রামের সৈয়দ মাহমুদ জুবায়ের সুপ্রিম ও সৈয়দ জুয়েল, থলপাড়া গ্রামের জলিল, মামুন, ও সজল।জানা যায়, অভিযুক্তরা উপজেলার বিভিন্ন এলাকায় ফসলি জমি ও নদীর তীর থেকে অবৈধভাবে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল।
মাটি কাটা ও ড্রাম ট্রাক চলাচলে এলাকার জমি ও রাস্তার ব্যাপক ক্ষতি হচ্ছে। তাদেরকে বারবার সতর্ক করার পরও মাটি কাটা অব্যাহত রাখায় আজগানা,গোড়াই, ভাতগ্রাম ও ফতেপুর ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তারা বাদী হয়ে মির্জাপুর থানায় মামলা করেন।
বিজ্ঞাপন
মাটি ব্যবসায়ী উপজেলা বিএনপির সদস্য ইব্রাহীম মিয়া বলেন, জমির মাটি কিনে এলাকার মানুষের সঙ্গে কথা বলে এবং তাদের ক্ষতিপূরণ দেওয়ার নিশ্চয়তা দিয়ে মাটি কেটেছি। তারপরও আমার নামে মামলা দেওয়া হয়েছে। আমি আইনিভাবে এই মামলা মোকাবেলা করার প্রস্তুতি নিচ্ছি।
আজগানা ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, সরকারি অনুমতি না নিয়ে অবৈধভাবে মাটি কাটার দায়ে মাটি ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করেছি।
বিজ্ঞাপন
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, মাটি ব্যবসায়ীদের বিরুদ্ধে দায়ের করা অভিযোগগুলি নথিভুক্ত করে আদালতে প্রেরণ করা হয়েছে।








