মানুষের প্রতিটি ধাপে পুলিশের প্রয়োজন: আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের প্রতিটি ধাপেই পুলিশের প্রয়োজন রয়েছে। অতীতের বিতর্কিত সময় পেছনে ফেলে পুলিশ এখন জনবান্ধব বাহিনী হিসেবে ঘুরে দাঁড়িয়েছে। এই ধারা অব্যাহত রাখতে সাধারণ মানুষের সহযোগিতাও প্রয়োজন।
বিজ্ঞাপন
শনিবার (১৪ মার্চ) বিকেলে গাজীপুর জেলা পুলিশ লাইন্স মাঠে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আইজিপির গাজীপুর আগমন উপলক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়।
আইজিপি বলেন, একটি ঐতিহাসিক ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে সর্বজনগ্রহণযোগ্য ও বিশ্বস্ত সরকার গঠিত হয়েছে। কিন্তু কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচারের মাধ্যমে এ অর্জনকে ম্লান করার চেষ্টা করছে। এ বিষয়ে দেশবাসীকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
থানায় আগত বিচারপ্রার্থীদের সেবার মান বাড়াতে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দিয়ে আইজিপি বলেন, কোনো বিচারপ্রার্থী যেন থানা থেকে অসন্তুষ্ট হয়ে ফিরে না যান। পুলিশ সদস্যদের আরও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
বিজ্ঞাপন
মাদকের ভয়াবহতা তুলে ধরে তিনি বলেন, মাদক তরুণ সমাজকে ধ্বংস করছে এবং দেশের ভবিষ্যৎ নেতৃত্বকে চ্যালেঞ্জের মুখে ফেলছে। পাশাপাশি ডিজিটাল ও সাইবার প্ল্যাটফর্মে অতিরিক্ত আসক্তির কারণে শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি হচ্ছে উল্লেখ করে অভিভাবকদের আরও সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি।
শিল্পাঞ্চলের পরিস্থিতি প্রসঙ্গে আইজিপি বলেন, অধিকাংশ শ্রমিক শান্তিপূর্ণভাবে কাজ করতে চান। কিন্তু অল্পসংখ্যক উস্কানিদাতার কারণে অনেক সময় অস্থিরতা তৈরি হয়। এসব উস্কানিদাতাদের চিহ্নিত করা গেলে শিল্পখাতে স্থিতিশীলতা বজায় রাখা সহজ হবে।
যানজট নিরসনে অবৈধ ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয় করে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বিজ্ঞাপন
আসন্ন ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে পুলিশসহ সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে বলেও জানান আইজিপি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-2 আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’। কোনো রাজনৈতিক নেতাকর্মী মাদক বা চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকলে তাকে কোনো ছাড় দেওয়া হবে না। আসন্ন ঈদে মানুষের ঘরমুখী যাত্রা নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আয়োজিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার। আরও বক্তব্য দেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, অতিরিক্ত পুলিশ কমিশনার তাহেরুল হক চৌহান, জেলা পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন এবং গাজীপুরের ভারপ্রাপ্ত প্রশাসক আহমদ ভূঞা। এ সময় স্থানীয় রাজনৈতিক, ব্যবসায়ী, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।








