আমি নেতা নই, আপনাদের সেবক হয়ে থাকতে চাই : এমপি রুহুল আমিন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চুয়াডাঙ্গার জীবননগরে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এ সহায়তা প্রদান করা হয়।
বিজ্ঞাপন
বুধবার (১৮ মার্চ) সকাল ১০টায় জীবননগর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটোরিয়াম হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ২১৩ জন অসহায় মানুষের মাঝে এ সহায়তা বিতরণ করা হয়। প্রত্যেককে ২ হাজার টাকা করে প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির মো. রুহুল আমিন। সহায়তা বিতরণ শেষে বক্তব্যে তিনি বলেন, “আমি আপনাদের নেতা বা এমপি হিসেবে নয়, একজন সেবক হিসেবে থাকতে চাই। আপনাদের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।”
তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত ১০ লাখ টাকা আমরা গরীব ও দুঃস্থ মানুষের মাঝে বিতরণ করছি। সময় স্বল্পতার কারণে সবাইকে একত্রিত করে সহায়তা দেওয়া হলেও, ভবিষ্যতে বাড়ি বাড়ি গিয়ে সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা থাকবে।”
বিজ্ঞাপন
উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, “এলাকার মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট, ব্রিজ-কালভার্টসহ সব উন্নয়ন কার্যক্রম আমাদের নজরে রয়েছে। পর্যায়ক্রমে সবকিছু বাস্তবায়ন করা হবে, ইনশাআল্লাহ।”
জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, উপজেলা জামায়াতের আমির মাওলানা সাজেদুর রহমান, সেক্রেটারি মো. মাহফুজুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী, সাংবাদিক ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।##
বিজ্ঞাপন








