বন্ধুদের সাথে ঈদ শপিং করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

লক্ষ্মীপুরে ঝড়ের সময় সড়কের ওপর উপড়ে পড়া গাছের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মনোহরি দাশ (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত প্রায় ১টার দিকে লক্ষ্মীপুর-রামগতি আঞ্চলিক সড়কের ভবানীগঞ্জ ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত মনোহরি দাশ কমলনগর উপজেলার চরলরেন্স ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি কর্ণজিত দাশের ছেলে। জীবিকা হিসেবে তিনি স্থানীয় করইতলা বাজারে বড় ভাই গিরিধারী দাশের সঙ্গে পারিবারিক স্বর্ণের দোকানে কাজ করতেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে বন্ধুদের সঙ্গে ঈদের কেনাকাটার উদ্দেশ্যে করইতলা বাজার থেকে মোটরসাইকেলে করে লক্ষ্মীপুর শহরের দিকে যাচ্ছিলেন মনোহরি। পথিমধ্যে হঠাৎ করে ঝড়ো বাতাস শুরু হলে একটি গাছ সড়কের ওপর ভেঙে পড়ে।
বিজ্ঞাপন
অন্ধকারে দ্রুতগতিতে চলা মোটরসাইকেলটি ওই গাছের সঙ্গে ধাক্কা খেলে ঘটনাস্থলেই গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বন্ধু আব্দুর রহমান রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন। মনোহরির অকাল মৃত্যুতে তার পরিবারসহ করইতলা বাজার এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে। লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওয়াহিদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।








