বসতভিটা পুড়ে ছাই, ঈদের আনন্দে নেমে এলো শোক

পিরোজপুরের জিয়ানগর উপজেলায় অজ্ঞাত দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে এক মসজিদের ইমামের বসতঘর। এতে ঘরের সবকিছু ভস্মীভূত হওয়ার পাশাপাশি পুরো পরিবারের ঈদের আনন্দও ম্লান হয়ে গেছে।
বিজ্ঞাপন
বুধবার (১৮ মার্চ) সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার ইন্দুরকানী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মুন্সিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ইমাম মো. আল-আমিন হোসেন হাওলাদারের বাড়িতে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা পুরো ঘরটি পুড়িয়ে দেয় বলে অভিযোগ উঠেছে।
ঘরের মালিক আল-আমিন হোসেন জানান, তিনি পিরোজপুর বাইপাস এলাকার একটি মসজিদে ইমামতি করেন। ঘটনার সময় তার মা, স্ত্রী ও দুই সন্তান বাড়িতে না থেকে আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়েছিলেন। এই সুযোগে দুর্বৃত্তরা ঘরে আগুন দেয় বলে তিনি ধারণা করছেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, “পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে আমার ঘরে আগুন দেওয়া হয়েছে। আমাকে নিঃস্ব করে দেওয়ার জন্যই এ ঘটনা ঘটানো হয়েছে।”
তিনি আরও জানান, আগুনে তার ঘরে থাকা নগদ প্রায় ৯৫ হাজার টাকা, স্ত্রীর প্রায় ৫ ভরি স্বর্ণালঙ্কার, টিভি, ফ্রিজসহ মূল্যবান আসবাবপত্র পুড়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
স্থানীয় বাসিন্দা হাসিব জানান, পাশের ঘরের লোকজন প্রথমে আগুনের ধোঁয়া দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের মানুষ ছুটে আসে। তবে আশেপাশে পর্যাপ্ত পানির ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পরে জরুরি সেবা নম্বরে ফোন করা হলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে, কিন্তু ততক্ষণে সবকিছু পুড়ে শেষ হয়ে যায়।
বিজ্ঞাপন
এ বিষয়ে জিয়ানগর থানার অফিসার ইনচার্জ মো. শামীম হাওলাদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।








