নোয়াখালীর কোম্পানীগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল যুবকের, আহত আরও ২

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ক্লোজার সংলগ্ন এলাকায় বজ্রপাতের ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে এবং আরও দুইজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। বুধবার দিবাগত রাত আনুমানিক ১টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত ঠাকুর চাঁন (২৫) মুছাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জেলে পাড়া এলাকার বাসিন্দা। আহতদের মধ্যে রয়েছেন জনারদন (৪৫) এবং রবিউল হোসেন (২০)। জনারদন একই এলাকার বাসিন্দা, আর রবিউল হোসেন ওয়াইজদি বাড়ির বাসিন্দা। নিহত ঠাকুর চাঁন জনারদনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ঝড়ো হাওয়া ও বৃষ্টির আশঙ্কা দেখা দিলে পিতা-পুত্র নদীর তীরে বাঁধা তাদের মাছ ধরার নৌকাটি দেখতে যান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তারা দুজনই এর শিকার হন। ঘটনাস্থলেই ঠাকুর চাঁনের মৃত্যু হয়।
বিজ্ঞাপন
এদিকে, রবিউল হোসেন নিজ তরমুজ ক্ষেতে পাহারারত অবস্থায় বজ্রপাতের শব্দ ও আলোর প্রভাবে আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। চিকিৎসক জানিয়েছেন, রবিউল হোসেন বর্তমানে শঙ্কামুক্ত থাকলেও অন্য আহতের অবস্থা আশঙ্কাজনক।
এ ঘটনায় নিহত ও আহতদের পরিবারে গভীর শোক নেমে এসেছে।








